এশিয়ান স্কুল দাবা
নয়াদিল্লিতে অনুষ্ঠানরত অষ্টম এশিয়ান স্কুল দাবার র্যা পিড টুর্নামেন্টে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান অনূর্ধ্ব-৯ উন্মুক্ত বিভাগে রুপা এবং যোয়ার হক প্রধান অনূর্ধ্ব-১৭ উন্মুক্ত বিভাগে ব্রোঞ্জ জিতেছে। স্কুল দাবায় তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফাহাদ আড়াই পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে দ্বিতীয় স্থানে এবং যোয়ার তিন খেলায় দুই পয়েন্ট নিয়ে ছয়জনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। কাল তৃতীয় রাউন্ডে যোয়ার ভারতের মুঈনউদ্দিনকে হারিয়েছে। ফাহাদ ড্র করেছে ভারতেরই রাজা রিথভিকের সঙ্গে।মুফতি কাসেদ দাবা: শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ স্মরণে আয়োজিত রেটিং দাবার পঞ্চম রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন, সোহেল চৌধুরী ও মনির হোসেন। কাল পঞ্চম রাউন্ডে জিয়া দেলোয়ারকে, রাকিব মাহতাবউদ্দিনকে, নাসির মাসুমকে, মিনহাজ সাইফুলকে, সোহেল খোরশেদকে এবং মনির নেপালের ধরম বাহাদুরকে হারিয়েছেন।