
এশিয়ার দলগুলোর ওপর দর্শকদের তেমন নজর নেই জানি। সবাই তো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, হল্যান্ডসহ বড় দলগুলোর খেলা দেখতেই উদ্গ্রীব। সেটাই স্বাভাবিক। আমি কিন্তু এশিয়ার দলগুলোর খেলাও খুব আগ্রহ নিয়ে দেখছি।
কোরিয়া-রাশিয়ার ম্যাচটা বেশ ভালো লেগেছে। অনেকেই হয়তো ম্যাচটা দেখেননি ভোররাতে বলে। আমি আগে থেকেই ঠিক করে রাখি, কোরিয়ার খেলা দেখবই। তা ছাড়া অন্য একটা কারণও আছে—এশিয়ার সর্বোচ্চ স্তরে খেলার স্বপ্ন আছে আমাদের। আমরা বাংলাদেশ দলকে সেই স্তরে নিতে চাই। যাদের বিপক্ষে ভবিষ্যতে বাংলাদেশ দল খেলার স্বপ্ন দেখে, তাদের খেলাটা দেখা দরকার মনে করি। সে জন্যই এশিয়ার দলগুলোর খেলা দেখতে পুরো রাত জাগতেও আমার আপত্তি নেই।
কোরিয়া ড্র করেছে রাশিয়ার সঙ্গে। দলটা বেশ ভালো। ইরানের খেলা সুন্দর না লাগুক, পয়েন্ট তো পেয়েছে নাইজেরিয়ার সঙ্গে। জাপান-অস্ট্রেলিয়া হেরেছে প্রথম ম্যাচে। তাতে কী, আমি এই দলগুলোর খেলা দেখে মোটেও হতাশ নই।
গত রাতে হল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া কেমন করল, তা নিয়ে গভীর আগ্রহ ছিল। প্রতি দলের একটি করে ম্যাচ শেষে হল্যান্ডই অবশ্য নজর কাড়ল বেশি। আপনাদের অনেকেরই হয়তো জানা, আমি অনেক আগে থেকেই ডাচ ফুটবলের ভক্ত। এই বিশ্বকাপের শুরুতেই আমার প্রিয় দল এমন জ্বলে উঠবে, এতটা অবশ্য ভাবিনি।
হল্যান্ডের কাছে পাঁচ গোলে বিধ্বস্ত হওয়া স্পেন গত রাতে চিলির সঙ্গে নেমেছিল অগ্নিপরীক্ষায়। জাভি, ইনিয়েস্তারা বিশ্বকাপে টিকে আছেন কি না, আপনার তা জানা হয়ে গেছে। ম্যাচটা এই বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়নদের বিদায়ের পথ প্রশস্ত হয়ে গেলে সেটা হবে একটা বড় ধাক্কা। তাই আমি আলাদা চোখ রাখব দেল বস্কের দলের ওপর। ওই ম্যাচের ঘণ্টা পাঁচেক আগে এই খেলাটা লিখতে গিয়ে বুঝতেই পারছেন স্পেনকে নিয়ে আমি কতটা দোলাচলে!
যেখানেই যাচ্ছি, সবাই জানতে চায়, স্পেনের টিকি-টাকা শেষ হয়ে গেল কি না? ব্রাজিল বিশ্বকাপটা কেমন দেখছি? আমার উত্তর একটাই—এখনই সব বলে দেওয়া সম্ভব নয়। ম্যাচ যত এগোবে, সব উত্তর মিলবে। গ্রুপপর্বটা পেরোলেই আসলে বোঝা যাবে কার কী অবস্থা।
সব দলের গোটা দুই ম্যাচ অন্তত আপনাকে দেখতেই হবে। যেমন ব্রাজিলের দুটি ম্যাচ দেখে আমার বিশ্লেষণ হচ্ছে, দলটা চকচক করছে না। চকচকে ব্রাজিলকেই আমরা দেখতে চাই, দুই ম্যাচ শেষেও সেটার দেখা নেই! কাজেই উচ্ছ্বসিত হতে পারছি না ব্রাজিলকে নিয়ে।
ইতালিকে বরং উজ্জ্বল লাগল প্রথম ম্যাচে। জার্মানির কথা আলাদা করে বলার প্রয়োজনই দেখছি না! ‘পাওয়ার হাউস’ তকমাটা ঠিকই ধরে রেখেছে ওরা। তুলনামূলক দুর্বল দল নিয়ে এসেও অন্তত সেমিফাইনাল খেলে যায়! এবার তো বেশ শক্তিশালী দল নিয়েই এসেছে। জার্মানি তাই আদায় করছে আরও সমীহ।
আজকের উরুগুয়ে-ইংল্যান্ডের দিকেও তাকিয়ে আছি। দুই দলই প্রথম ম্যাচে হেরে যাওয়ায় চাপে পড়েছে। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জীবন বাজি রাখতে চাইবে আজ দুই দলই। উপভোগ্য ম্যাচই হওয়ার কথা৷