এশিয়ার দলের হাতেই শিরোপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জিতবে বিশ্বকাপ? ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান—কতজনে কত নামই তো বলছে। অন্য সবার মতো রমিজ রাজার বাজিটা একক কোনো দেশ নিয়ে নয়। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে এশিয়ার কোনো দল। মানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি ট্রফিটা উঠতে পারে বাংলাদেশের হাতেও!এশিয়ার দলগুলোকে নিয়ে তাঁর আশাবাদী হওয়ার কারণ, এশিয়ার দলগুলো খেলাটিতে অনেক উন্নতি করেছে। ১৯৮৭ থেকে ১৯৯৬—তিনটি বিশ্বকাপ খেলা রমিজ রাজা বলেছেন, ‘একটা সময় ছিল যখন এশিয়ার দলগুলোর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জেতার মানটা ছিল না। সত্যিকারের চাপ নিতে পারত না। কিন্তু এখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার ওই দিকগুলোয় দুর্বলতা নেই। এমনকি বাংলাদেশও অনেক উন্নতি করেছে।’ উন্নতির বিষয়টি তো আছেই, এশিয়ার দলগুলোর ওপরই রমিজের আস্থা রাখার আরেক কারণ, এবার বিশ্বকাপ হচ্ছে এশিয়ায় বা উপমহাদেশে। বলেছেন, ‘প্রধান বিষয় হলো, এশিয়ান দলগুলো স্বাগতিক হওয়ার সুবিধা পাবে। নকআউট পর্বে তারা খেলবে নিজেদের প্রিয় মাঠে।’রমিজ যতই এশিয়ার কথা বলুন, একজন পাকিস্তানি হিসেবে শহীদ আফ্রিদির দলের প্রতি আলাদা একটা দুর্বলতা অবশ্যই আছে। রমিজের প্রত্যাশা পাকিস্তান ভালো করবে। শুধু ভালোর প্রত্যাশা? ভালোটা যাতে করে, সেজন্য শহীদ আফ্রিদির দলের প্রতি একটা পরামর্শও আছে তাঁর, দল হিসেবে তারা যেন এককাট্টা থাকে। ‘শহীদ আফ্রিদিই পাকিস্তানের মূল খেলোয়াড়। অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে হয় তাঁকে। বিশ্বকাপ যেকোনো দলের জন্যই বড় পরীক্ষা। কারণ আপনি কিছু ম্যাচ হারবেনই। এর পরও অধিনায়ক তাঁর খেলোয়াড়দের কতটা মনোযোগ ধরে রাখতে পারেন সেটাই আসল।’ ওয়েবসাইট।