এশিয়ার পতাকা ওড়ালেন লি
উচ্ছ্বাস-আবেগ-আনন্দে লি না আবার কী করে বসেন, সেটাই ছিল দেখার। অনেকেই ভেবেছিল হয়তো কোর্টের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত দেবেন ছুট। কিংবা ছুটে যাবেন প্রিয়তম স্বামীর কাছে। হয়তো হাঁটু মুড়ে ভেঙে পড়বেন কান্নায়...কিন্তু না, যতটা ভাবা হয়েছিল, সেই তুলনায় উদ্যাপন হলো সংক্ষিপ্ত। ২৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে লি না চাইলে ভেসে যেতেই পারতেন উচ্ছ্বাসের প্রবল স্রোতে।শুধু তাঁর জন্যই নয়, এশিয়ার জন্যই গৌরবের একটা মুহূর্ত এনে দিয়েছেন ৬-৪, ৭-৬ (৭/০) গেমে ২০১০ সালের চ্যাম্পিয়নস ফ্রান্সেসকা শিয়াভোনেকে হারিয়ে। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম এককের পুরস্কার জিতল কোনো এশীয়। টাইব্রেকারের শেষ পয়েন্টটা জিতে ফ্রেঞ্চ ওপেনে লি উড়িয়ে দিলেন এশিয়ার পতাকা। চীনের জাতীয় সংগীত বাজালেন রোলাঁ গাঁরোয়। নাম লেখালেন ইতিহাসে। এই নিয়ে গত পাঁচ বছরে ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন দেখল ফ্রেঞ্চ ওপেনের মহিলা একক।সরাসরি সেটে নিষ্পন্ন ম্যাচ, তাই বলে ফাইনালের উত্তাপ যে ছিল না, তা কিন্তু নয়। বরং দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি তৃতীয় সেটে নিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন শিয়াভোনে। দ্বিতীয় সেটে ৪-২-এ পিছিয়ে ছিলেন। লির শিরোপা জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু পরবর্তী চারটি গেমের তিনটিই জিতে শিয়াভোনে এগিয়ে যান ৫-৪-এ। লিও ফিরে আসেন খেলায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নিজের স্নায়ুকে শেকলে বেঁধে রেখে টাইব্রেকারে সাতটি পয়েন্টই জিতে নেন লি। জিতে নেন ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা।এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বলে শেষ পর্যন্ত হারতে হয়েছিল। সেই অভিজ্ঞতা ছিল বলেই কাল যেন আবেগটাকে বুকের সিন্দুকে পুরে রেখেছিলেন। সেই ডালাটা মেলে দিলেন চকচকে ট্রফিটা হাতে নেওয়ার পর। কী বলবেন, যেন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। ঢোক গিলে প্রথমেই বললেন, ‘ধন্যবাদ।’ ধন্যবাদ জানালেন সমর্থক, স্পনসরদের। পুরো এশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আসলে লিকেই দেওয়া উচিত। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।