এশিয়ার সেরা ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় দাবায় নিজের বিভাগে সেরা হয়েছে ফাহাদ রহমান। দিল্লিতে এশিয়ান স্কুল দাবার অনূর্ধ্ব-৯ বিভাগে নয় ম্যাচে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের এই খুদে দাবাড়ু।কাল নবম রাউন্ডে চীনের লু কাইয়ানকে হারিয়েছে ফাহাদ। অনূর্ধ্ব-৯ বিভাগে নয়টি দেশের ৫৭ জন দাবাড়ু অংশ নেয়। সবার চেয়ে ফাহাদের রেটিংই ছিল বেশি (১৯৬৬)। অনূর্ধ্ব-১৭ বিভাগে বাংলাদেশের যোয়ার হক নয় ম্যাচে সাড়ে চার পয়েন্ট নিয়ে ১১তম স্থান পেয়েছে। ফাহাদ গত বছর জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রথম তুলে ধরে। সম্প্রতি শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় (অনূর্ধ্ব-১০) অবশ্য ভালো করতে পারেনি। শীর্ষ বাছাই হয়েও ১৫তম হয়েছে। দিল্লিতেই সে পেল প্রথম আন্তর্জাতিক সাফল্য।উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফাহাদকে নিয়ে বেশ আশাবাদী। ‘শ্রীলঙ্কায় সে ভালো করতে না পারায় হতাশ হয়েছিলাম। কিন্তু এবার এশিয়ান স্কুল দাবায় চ্যাম্পিয়ন হওয়ায় আশা করি সামনে এশিয়ান জুনিয়রে এক-দুইয়ে থাকবে।’—কাল বলছিলেন নিয়াজ।