এশিয়ার হাতে শ্রেষ্ঠত্বের পতাকা
চার বছর আগে বেইজিং অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছিল চীন। কিন্তু চীনাদের এই সাফল্যকে খাটো করে দেখাতে নিন্দুকেরা টেনে এনেছিল স্বাগতিক হওয়ার সুবিধা। এবার লন্ডন অলিম্পিককে যেন সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেওয়ার ব্রত হিসেবেই নিয়েছে চীন। এশিয়ার ঝান্ডা হাতে চীন এগিয়েও চলছে কক্ষপথেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পদকের নিষ্পত্তি হয়েছে মোট ৮৬টি ইভেন্টে। তাতে ১৮টি সোনা জিতে সবার ওপরে এশিয়ার দেশটি।দেশ হিসেবে যেমন চীন এগিয়ে, তেমনি মহাদেশীয় হিসেবেও শ্রেষ্ঠত্বের ব্যাটন এশিয়ারই হাতে। সোনার হিসাবে চীনের পরই যুক্তরাষ্ট্র। যারা এখন পর্যন্ত সোনা জিতেছে ১৫টি। তালিকায় তিন নম্বরেই এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়া জিতেছে ৭টি সোনা। ৪টি সোনা জিতে তালিকার সাত নম্বরে উত্তর কোরিয়া। কাজাখস্তান ৩টি এবং জাপান জিতেছে ২টি সোনা। মোট ৮৬টি সোনার ৩৪টিই এশিয়ার অধিকারে। ৩০টি সোনা জিতে এশিয়ার পরে ইউরোপ, ৬টি সোনা জিতে যাদের নেতৃত্ব নিচ্ছে ফ্রান্স। যে ছন্দে এগিয়ে চলা, তাতে হয়তো শেষ পর্যন্তও শ্রেষ্ঠত্ব থাকবে চীন তথা এশিয়ারই। অলিম্পিকে প্রথম বড় এক কেলেঙ্কারিতে আটজন ব্যাডমিন্টন তারকা বহিষ্কৃত হওয়ার পরও বুধবার এশিয়াকে পদক তালিকায় শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে চীনা সাঁতার দল ও জাপানি জিমন্যাস্ট কোহেই উচিমুরা। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সাঁতারে সর্বোচ্চ ৪টি সোনা জিতেছিল চীন। এবার এরই মধ্যে তার সমকক্ষতা অর্জন করে ফেলেছে। বুধবার মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জিয়াও লিউইয়াংয়ের জেতা সোনাটা সাঁতারে চীনের চতুর্থ। বেইজিং অলিম্পিকে সতীর্থ লিউ জিগের পেছনে থেকে রুপা জেতা জিয়াও বুধবার ফিনিশিং বাটন চেপেই হাত নাড়িয়ে মেতে ওঠেন উল্লাসে। ২১ বছর ছুঁই-ছুঁই চীনা মেয়ের সোনা জয়ের উল্লাসে যেন প্রতিধ্বনিত হলো এশিয়ার শ্রেষ্ঠত্বেরও। ওয়েবসাইট।