দক্ষিণ এশিয়ান গেমসে এবার অনূর্ধ্ব-১৯ ফুটবল রাখতে চেয়েছিল আয়োজক ভারত। সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা না করেই তারা গত ১৯ নভেম্বর সিদ্ধান্তটি জানায় অন্য দেশগুলোকে। বাংলাদেশ এ নিয়ে কিছু না বললেও মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান বসে ছিল না। এই চারটি দেশের আবেদনে সাড়া দিয়ে পরশু অনূর্ধ্ব-১৯-এর পরিবর্তে অনূর্ধ্ব-২৩ ফুটবল রাখারই ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি। মেয়েদের ফুটবলেও সিদ্ধান্ত পাল্টে অনূর্ধ্ব-২৩-এর পরিবর্তে জাতীয় দল থাকছে।
২০০৪ ইসলামাবাদ থেকে গেমস ফুটবলে খেলছে অনূর্ধ্ব-২৩ দল। সেটি অনূর্ধ্ব-১৯ হয়ে গেলে অনেকটাই আকর্ষণ হারিয়ে ফেলত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সেটাই মনে করছে। তাই তারা ভারতের পরিবর্তিত সিদ্ধান্তে খুশি। জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপের পরপরই এসএ গেমস, দুটিতে সমন্বয় করে শক্তিশালী দলও গড়া যাবে বলছেন বাফুফের কর্মকর্তারা।
৬-১৬ ফেব্রুয়ারি গুয়াহাটি ও শিলংয়ে দ্বাদশ এসএ গেমস সামনে রেখে বাংলাদেশ দলও প্রায় চূড়ান্ত। ২২টি খেলায় পুরুষ বিভাগে ২২৮ জন ও মহিলা বিভাগে ১৫২ জন খেলোয়াড় নেওয়া হচ্ছে। কোচ ও কর্মকর্তাদের মধ্যে পুরুষ ৬৬ জন, মহিলা ১২। ‘অতিথি’ হিসেবে যাচ্ছেন আরও ২১ জন পুরুষ ও ৫ জন মহিলা কর্মকর্তাও। বিওএর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ দলটা হবে ৪৮৪ সদস্যের।
তবে দলের বাইরে আছে একটি ‘অতিথি’ তালিকা। গেমস এলেই যেমনটা বিদেশ সফরের হিড়িক পড়ে, এবারও ব্যতিক্রম কিছু নয়। মন্ত্রণালয়, সাংসদ ও বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে বিওএর প্রতিনিধি হিসেবে এখন পর্যন্ত ২০ জনকে পাঠানোর তালিকা করা হয়েছে।
বিশাল এই দল পাঠাতে চার্টার্ড বিমানের খোঁজ চলছে, কিন্তু এতে মাথাপিছু লাগবে প্রায় ৬০ হাজার টাকা করে। বিকল্প হিসেবে কম খরচে সড়কপথে যাওয়ার চিন্তাও আছে। যেভাবেই যাওয়া হোক, বিশাল বহরের জন্য শীতের কাপড় খোঁজাখুঁজি চলছে জোরেশোরে। গেমসের সময় তীব্র শীত থাকতে পারে আসাম ও শিলংয়ে। সেটা মনে রেখেই ব্লেজারের সঙ্গে সোয়েটার দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। এক ফেডারেশন কর্মকর্তা নাকি ৫০০ মাফলার উপহার দেবেন দলকে।
চলছে অ্যাথলেটদের প্রস্তুতিও। বিদেশি কোচ আছে শুটিং, সাঁতার, কাবাডি, টিটি, ব্যাডমিন্টন, ভলিবল, আর্চারি, তায়কোয়ান্দোতে। ভলিবল এবার একটু বেশিই আদাজল খেয়ে নামছে। ফেডারেশনের নিজস্ব উদ্যোগে ২৪ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইরানে প্রশিক্ষণ নেবে ভলিবল দল। ইরান ভলিবল ফেডারেশনের সভাপতি এ ব্যাপারে সহায়তা করবেন। ইরানি কোচ আলী পোর আরোদি বাংলাদেশ ভলিবল দলের সঙ্গে আছেন। ভলিবল ফেডারেশনে সাধারণ সম্পাদক ও বিওএর উপমহাসচিব আশিকুর রহমান কাল বিওএ ভবনে বসে বলছিলেন, ‘দেখি, শেষ একটা চেষ্টা করে। ১৯৯৯ সালের পর তো আমরা আর পদক পাইনি ভলিবলে। পদকটা খুব দরকার।’
কোথায় কোন খেলা
শিলং
আর্চারি, ব্যাডমিন্টন, তায়কোয়ান্দো, বক্সিং, উশু, জুডো ও টেবিল টেনিস
গুয়াহাটি
অ্যাথলেটিকস, বাস্কেটবল, সাইক্লিং, ফুটবল, হ্যান্ডবল, হকি, কাবাডি, কুস্তি, শুটিং, সাঁতার, স্কোয়াশ, টেনিস, ভলিবল ও ভারোত্তোলন, খো খো