এসএ গেমস পিছিয়ে আগামী বছর
আগামী ১০-২০ ডিসেম্বর আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের শিলংয়ে নির্ধারিত দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস পিছিয়ে গেছে। কয়েকটি দেশের অনুরোধে গেমসের সময় পেছাতে বাধ্য হয়েছে দক্ষিণ এশিয়ান স্পোর্টস কাউন্সিল। পরশু দিল্লিতে অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে এই গেমস। গেমসে খেলার সংখ্যা ও দিনক্ষণ ঠিক হবে পরে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এসএ গেমসের জন্য পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি। তা ছাড়া ডিসেম্বরে শিলংয়ে তীব্র ঠান্ডা থাকে। সব মিলিয়েই এমন সিদ্ধান্ত বলে কাল জানালেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘এসএ গেমসের জন্য আমাদের মতো কয়েকটি দেশেরই পর্যাপ্ত অনুশীলন হয়নি। এ ছাড়া ওই সময় শীতের প্রকোপ বেশি থাকে শিলংয়ে এবং গুয়াহাটিতে। এ জন্য অন্যান্য দেশের সঙ্গে আমরাও গেমস পেছানোর প্রস্তাব দিয়েছিলাম। সিদ্ধান্তটি এ সভায় চূড়ান্ত হয়েছে।’ তবে তিনি জানালেন, দিনক্ষণ চূড়ান্ত করবে ভারতের গেমস আয়োজক কমিটি ও ক্রীড়া মন্ত্রণালয়। ২২টি খেলা অন্তত থাকবে। বাংলাদেশ কতগুলো খেলায় অংশ নেবে সেই সিদ্ধান্ত পরে নেবে বিওএ। গেমসের গত আসরে ক্রিকেট ছিল। এবারও ক্রিকেট রাখার ব্যাপারে অন্য দেশগুলো একমত হয়েছে। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডই নাকি এসএ গেমসে অনাগ্রহী। এ জন্য ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।
সর্বশেষ এসএ গেমস হয়েছিল ঢাকায়, ২০১০ সালে। নানা জটিলতায় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গত চার বছরের মধ্যে এটি আয়োজন করতে পারেনি।