দক্ষিণ এশিয়ান গেমসটা ভুলতেই বসেছে এই অঞ্চলের মানুষ। ২০১০ জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঢাকায় সর্বশেষ গেমস হয়েছিল। সেই থেকে দক্ষিণ এশিয়ার ‘অলিম্পিক’ হিমাগারে। আয়োজক ভারত, অথচ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনই মাঝখানে কিছুদিন নিষিদ্ধ ছিল। বেশ কয়েক মাস আগে সেই বাধা দূর হলেও নানা কারণে গেমসের সময়সূচি চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আগামী ১০-২০ জানুয়ারি গুয়াহাটি ও শিলংয়ে ১২তম এসএ গেমস আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
গত ৮ জুলাই দিল্লিতে আট দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবদের সভায় ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম দিকে গেমস আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান বলেছিল মার্চের কথা। ভারত চেয়েছিল নভেম্বরেই সেরে ফেলতে। শেষ পর্যন্ত তিন দেশের দেওয়া প্রস্তাবের মাঝামাঝি একটা সময়ে এসএ গেমস হচ্ছে।
ঘোষিত সময় নিয়ে বাংলাদেশের আপত্তি নেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কাল বলেছেন, ‘গেমসটা হচ্ছে না পাঁচ বছর ধরে। ভারত যে সময় দিয়েছে, তা আমরা গ্রহণ করছি। কারণ আমরা চাই গেমসটা হোক।’
এবারের গেমসে কী কী খেলা থাকবে, তার একটা খসড়া তালিকাও পেয়েছে বিওএ। গতবার বাংলাদেশ আয়োজন করেছিল ২৩টি খেলা, এবার ভারত রেখেছে ২২টি। বাদ দেওয়া হয়েছে ক্রিকেট, গলফ ও কারাতে। নতুন সংযোজন খো খো ও ট্রায়াথলন। ক্রিকেট যেহেতু বাংলাদেশের এক নম্বর খেলা এবং গতবার এতে সোনা এসেছে, তাই ইভেন্টটি নিয়ে আগ্রহ একটু বেশিই হওয়ার কথা বিওএর। বিওএর সহসভাপতি মিজানুর রহমান মানু জানাচ্ছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড গেমসে ক্রিকেট দল দিতে রাজি হচ্ছে না। এ কারণেই তারা ক্রিকেট বাদ দেওয়ার কথা বলেছে।’
নতুন দুটি খেলার মধ্যে খো খো নিয়ে বাংলাদেশের আপত্তি নেই, কারণ খো খো মূলত ভারত ও বাংলাদেশই খেলে। ট্রায়াথলনের চর্চা সেভাবে এ দেশে নেই। তবে তিনটি দেশ সম্মতি দিলেই ইভেন্টটি ঢুকে যাবে চূড়ান্ত তালিকায়।
সময়সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় প্রস্তুতি শুরুর কথাও ভাবছে বিওএ। আগামীকাল ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিওএর শীর্ষ কর্মকর্তাদের সভায় প্রস্তুতির জন্য আর্থিক বরাদ্দ নিয়ে আলোচনা হবে। টাকা পেয়ে গেলে বিওএ মহাসচিব ১ আগস্ট থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান।