এসএ গেমসে থাকছেন বিউটি
ইনজুরির সঙ্গে লড়ে ক্লান্ত নিজেকে এসএ গেমস থেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্ত শেষ পর্যন্ত তাঁর জন্য ভালো খবর বয়ে আনল কালকের ট্রায়াল। বিকেএসপিতে অন্যদের সঙ্গে ট্রায়ালে নেমে নাজমুন নাহার বিউটি নিশ্চিত হতে পেরেছেন, তাঁর পক্ষে এসএ গেমসে খেলা সম্ভব।গত চারবারের দ্রুততম মানবী এখন অনেকটা ফিট। কোচ কিতাব আলী জানাচ্ছেন, ‘আমরা ২০০ মিটার স্প্রিন্টে বিউটির এন্ট্রি দেব।’ তবে ১০০ মিটারে তাকে বাইরে রাখতে হবে মনে হচ্ছে।’ কারণটাও জানালেন কোচ, যেহেতু ১০০ মিটারটা ২০০ মিটারের চেয়ে অনেক বেশি কঠিন, তাই তাঁকে সরিয়ে রাখা হচ্ছে দ্রুততম মানবীর লড়াই থেকে।বিউটি খেললেই পদক পেয়ে যাবেন এমনও নয়। পদকের আশা করাও হচ্ছে না। এর আগে ইসলামাবাদ সাফে ৪০০ মিটারে ব্রোঞ্জ পাওয়া বিউটি থাকলে দলীয় মনোবলটা বাড়বে, গেমসের আগে এটিকেই মানা হচ্ছে বড় প্রাপ্তি। তা ছাড়া অন্য দুজন শামসুন্নাহার চুমকি, ইভাকে নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা করার সুযোগ পেয়ে যাচ্ছে দল।এই মুহূর্তে ১০০ মিটারে এবার বাংলাদেশের সেরা পছন্দ চুমকি। ‘তার সাম্প্রতিক টাইমিং বাংলাদেশের ইতিহাসসেরা’—বলছেন কিতাব আলী। চুমকির সঙ্গে ইভাকে ১০০ মিটারে সুযোগ দেওয়ার চিন্তা আছে। এই মুহূর্তে তিনি দ্বিতীয় সেরা পছন্দ বলে জানা গেছে। তাঁরা পদক জিতে যাবেন, এতটা আশা হয়তো নেই। তবে পদক পেলে নিজেকে ফিরে পাওয়া সাবেক দ্রুততম মানবী চুমকিই পাবেন, এ নিয়ে নিঃসংশয় কোচরা।বিউটিকে রিলে দলে রাখার চিন্তা আছে। এর আগে বাংলাদেশের ব্রোঞ্জজয়ী রিলে দলের সদস্য ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত হার্ডলসে সোনার প্রত্যাশায় থাকা সুমিতা রানী দাস ও জেসমিন আক্তারকে নিয়ে আসা হতে পারে রিলে দলে। যেখানে তাঁরা সঙ্গী হবেন চুমকি ও ইভার। বিউটি তখন থাকবেন অতিরিক্ত তালিকায়। এ ব্যাপারে বিউটির বক্তব্য জানা যায়নি।গেমসের আগে ভালো খবর পাচ্ছেন লংজাম্পার আল আমিনও। পুরো ফিট না হওয়ায় গেমসে তাঁর খেলা নিয়ে কিছুটা সংশয় ছিল, তবে বিউটির মতো কালকের ট্রায়ালে উতরে গেছেন তিনিও।