এসএ গেমসে পদকজয়ীদের আর্থিক পুরস্কার

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) । আজ রাতে ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে এ উপলক্ষে বসেছিল খেলোয়াড়-সংগঠকদের মেলা। এবারের গেমসে বাংলাদেশের ঘরে এসেছে চারটি সোনা ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জসহ মোট ৭৫টি পদক। প্রতিটি সোনার জন্য বিওএর আর্থিক পুরস্কার পাঁচ লাখ টাকা। রুপা তিন লাখ ও ব্রোঞ্জ এক লাখ টাকা। মোট এক কোটি ২১ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
দুটি সোনা ও রিলে দলের সদস্য হয়ে একটি ব্রোঞ্জ জেতা সাঁতারু মাহফুজা খাতুন শিলা পেয়েছেন সর্বোচ্চ ১০ লাখ ২৫ হাজার টাকা। সোনাজয়ী শ্যুটার শাকিল আহমেদের প্রাপ্তি পাঁচ লাখ ২৫ হাজার টাকা। আরেক সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন) পেয়েছেন পাঁচ লাখ টাকা। টাকার সঙ্গে খেলোয়াড়দের দেওয়া হয়েছে একটি করে ফুলের তোড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিওএর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, পদকজয়ী ফেডারেশনগুলোর কর্মকর্তারাসহ আরও অনেকে।