এসএ গেমসে সোনার লক্ষ্যভেদ কয়টিতে

>আগামী ১-১০ ডিসেম্বর নেপালে হবে তেরতম এসএ গেমস। গতবারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার আশা করছে বাংলাদেশ।
দুয়ারে কড়া নাড়ছে তেরোতম এসএ গেমস। নেপালে আগামী ১-১০ ডিসেম্বর হতে যাওয়া গেমস নিয়েই ব্যস্ত দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) গত পরশু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে গেমস নিয়ে। বিওএ ভবনে ওই সংবাদ সম্মেলনের বেশির ভাগ প্রশ্নই ছিল, ‘এবার বাংলাদেশের লক্ষ্য কি? কয়টি সোনা জিততে পারে বাংলাদেশ?’ প্রতিটি প্রশ্নেই বিওএ মহাসচিবের একই উত্তর, ‘গতবারের চেয়ে আমাদের এবারের প্রত্যাশা অনেক বেশি।’
বাংলাদেশের প্রত্যাশা এবং বাস্তবতার ফারাক কতটুকু? সত্যিই কি এবার গতবারের চেয়ে ভালো করতে পারবে বাংলাদেশ? পাঠক আসুন জেনে নেওয়া যাক এবারের এসএ গেমসে বাংলাদেশের সোনার পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কোন কোন খেলায় ...
আর্চারি
প্রত্যাশার পারদটা তুঙ্গে আর্চারিতে। এর আগে বাংলাদেশ তিনবার আর্চারিতে অংশ নেয় এসএ গেমসে। ২০০৬ কলম্বো গেমসে মাত্র দুটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। ২০১০ ঢাকা গেমসে একটু উন্নতি- দুটি রুপার পাশাপাশি জেতে দুটি ব্রোঞ্জ। আর সর্বশেষ ২০১৬ শিলং-গুয়াহাটি গেমসে তিনটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এবার সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার আশা তিরন্দাজদের। প্রথম কারণ, এশিয়ান পর্যায়ে আর্চারিতে যথেষ্ট শক্তিশালী ভারত। কিন্তু আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের নিষেধাজ্ঞার কারণে গেমসে অংশ নেবে না ভারতীয় তিরন্দাজেরা। তাই বাংলাদেশকেই ধরা হচ্ছে ফেবারিট। দলে আছেন রোমান সানার মতো প্রতিভাবান আর্চার। দশ বছরের ক্যারিয়ারে প্রথমবার এসএ গেমসে খেলবেন বলে এমনিতেই রোমাঞ্চিত রোমান। এই বছরেই জিতেছেন হল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন সেখানেই সেমিফাইনালে উঠে। এরপর ফিলিপাইনে এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টে জিতেছেন সোনা। জাতীয় চ্যাম্পিয়নশিপেও এ বছর সোনার পদক জেতেন রোমান। সব মিলিয়ে ছেলেদের রিকার্ভ ইভেন্টে রোমানের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। আর ভারত না খেলায় আর্চারিতে একাধিক ইভেন্টে সোনা জয়ের সম্ভাবনা থাকছে।
ফুটবল
আর্চারির পরই সোনা জয়ের সম্ভাবনা থাকবে ফুটবলে। এ পর্যন্ত গত ১২ আসরে সবগুলো আসরেই খেলেছে পুরুষ ফুটবল। এর মধ্যে শুধু দুবার সোনা জিতেছে বাংলাদেশ- ১৯৯৯ কাঠমান্ডু ও ২০১০ ঢাকা গেমসে। কিন্তু গত আসরে জেতে ব্রোঞ্জ। এবার পুরুষ ফুটবলে ভারতের খেলা নিয়ে সংশয় রয়েছে। ভারত ফুটবল ফেডারেশন থেকে বলা হচ্ছে নেপালে দল পাঠানো হবে না। কিন্তু আয়োজক নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশন কদিন আগে করা ফুটবল গ্রুপিংয়ে ভারতকে রেখেই সূচি চূড়ান্ত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত না খেললে বাংলাদেশের সামনে একটাই চ্যালেঞ্জ থাকবে নেপাল। আর সেই চ্যালেঞ্জ টপকাতে পারলে সোনা জেতা অসম্ভব হবে না বাংলাদেশের জন্য।
ক্রিকেট
ঢাকায় ২০১০ এসএ গেমসে ক্রিকেট থেকে সোনার পদক পায় বাংলাদেশ। সেবার অবশ্য ভারত ছিল না গেমসে। পরের আসরে গেমসেই ছিল না ক্রিকেট। কিন্তু আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত করা হলেও ভারত খেলবে না। তাই এবারও ক্রিকেটে বাংলাদেশে সোনা জেতার সম্ভাবনা থাকছে পুরুষ ও মহিলা দুই দলেই।
ভারোত্তলন
গুয়াহাটিতে গত আসরে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। কিন্তু এর মাঝে কেটে গেছে আরও তিনটি বছর। মাবিয়া হয়েছেন আরও পরিণত, খেলছেন অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায়। মাবিয়াকে নিয়ে তাই আশার সলতে জ্বালাচ্ছে ফেডারেশন। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে, গেমসে সব মিলিয়ে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ১০টি ইভেন্টে হবে খেলা। এর মধ্যে যে কোনো ৭টি ইভেন্টে নাম নিবন্ধন করতে হবে দেশগুলোর। ভারত যে ৩টি ইভেন্টে নাম জমা দেবে না সেই ইভেন্টগুলোতেও বাংলাদেশ সোনার পদকের আশা করছে। সেই হিসেবে ভারোত্তলনে একাধিক পদকের স্বপ্ন দেখছেন মাবিয়া আক্তার, ফাহিমা আক্তার ময়নারা।
সাঁতার
গেমসের সবচেয়ে বেশি ৩৮টি ইভেন্ট সাঁতারে। তাই সব সময় সাঁতারে সোনা জয়ের একটা সম্ভাবনা থেকেই যায়। এ পর্যন্ত সাঁতারে বাংলাদেশের সেরা সাফল্য ১৯৮৫ ঢাকা গেমসে ৬টি সোনা জয়। এই সাফল্য আজও ছাড়িয়ে যেতে পারেনি বাংলাদেশ। গত আসরে প্রথমবারের মতো এসএ গেমসে মেয়েদের বিভাগে সোনা জেতেন মাহফুজা খাতুন শিলা। তিনিই গতবার বিওএর মান রেখেছিলেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেওয়া শিলার বদলে এবার ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সাঁতরাবেন রোমানা আক্তার। এই ইভেন্টে রোমানাকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন। তবে ফ্রি স্টাইল, বাটারফ্লাই ও ব্যাকস্ট্রোকে যুক্তরাজ্যপ্রবাসী সাঁতারু জোনায়না আহমেদ, ফ্রান্স থেকে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার আরিফুল ইসলাম (ব্রেস্ট স্ট্রোক), মাহমুদুন্নবী নাহিদ (বাটারফ্লাই), অনিক ইসলাম (বাটারফ্লাই), আসিফ রেজা (ফ্রি স্টাইল) ও গত আসরে ৭টি ব্রোঞ্জজয়ী মাহফিজুর রহমান সাগরের (ফ্রি স্টাইল) মধ্যে যে কেউ সোনা জিতলে খুব বেশি অবাক হওয়ার মতো ঘটনা হবে না।
শুটিং
দক্ষিণ এশিয়ান গেমসে এক সময়ের স্বর্ণপ্রসবা শুটিং এখন আর সেভাবে আশা জাগায় না। যে ভারতকে এক সময় বলে কয়ে হারাতে পারতেন বাংলাদেশের শুটাররা সেই দেশ এখন অলিম্পিকে সোনা জেতে। অথচ বাংলাদেশ পড়ে আছে সেই তিমিরেই। গত আসরে ব্যর্থ হয়েছিলেন তারকা শুটার আবদুল্লাহ হেল বাকি। তবে মান রেখেছিলেন শাকিল আহমেদ ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে। এবার অবশ্য ভাগ্যের ওপরই ভরসা করে আছেন শুটাররা। বাকি, শাকিলদের প্রথম লক্ষ্য বাছাই পেরিয়ে ফাইনালে ওঠা। তবে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আবারও ফিরেছেন শারমিন আক্তার রত্না। দলে আছেন কমনওয়েলথ গেমসে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করা উম্মে সুলতানা টুম্পা। এদের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।
এগুলোর বাইরে কারাতে, জুডো ও উশুতেও সম্ভাবনা দেখছেন অনেকে। তবে এত কিছুর পরও মাঠেই খেলতে হবে অ্যাথলেটদের। সময়ই বলে দেবে আসলেই এই গেমসটা বাংলাদেশের জন্য কতটা সৌভাগ্য বয়ে আনবে?