এসএ গেমসের আগে শুটিংয়ের এমন ফল!
গত এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত সোনা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই সম্ভাবনা মনে হয় অনেক দূরে সরে যাচ্ছে। গেমসের আগে নিজেদের পরখ করে নেওয়ার প্রতিযোগিতায় হতাশ করেছে মেয়েদের দলটি।
দিল্লিতে অনুষ্ঠানরত এশিয়া অলিম্পিক বাছাই প্রতিযোগিতায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৫৭ জনের মধ্যে তৃপ্তি দত্ত হয়েছেন ৩৪তম। উম্মে জাকিয়া সুলতানা ৪০তম এবং শারমিন আক্তার হয়েছেন ৪৪তম। তৃপ্তির স্কোর ৪০৯.৫, জাকিয়া সুলতানার ৪০৬.৪ এবং শারমিনের ৪০৪.৪ পয়েন্ট। গত আসরে সোনাজয়ী দল থেকে বাদ দেওয়া হয়েছে শারমিন আক্তার রত্না ও সৈয়দা সাদিয়া সুলতানাকে। কিন্তু যাঁদের নিয়ে এবার দল গড়া সেই তৃপ্তি, জাকিয়াদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলেও খুবই খারাপ ফল হয়েছে বাংলাদেশের। ৪৫ জনের মধ্যে আরমিন আশা হয়েছেন ১৪তম, আরদিনা ফেরদৌস ৩৪তম এবং সিনথিয়া টুম্পা ৪৪তম। আশার স্কোর ৩৭৬, আরদিনার ৩৬৭ এবং সিনথিয়ার ৩৫২। আজ ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন এসএ গেমসে বাংলাদেশের বড় ভরসা আবদুল্লাহ হেল বাকি।