এসএ গেমসের প্রস্তুতি আন্তর্জাতিক ব্যাডমিন্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেনি ফেডারেশন। দায়সারাভাবে শুধু প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ভারতে এসএ গেমসে। শাটলারদের জন্য সুখবর যে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে তাঁরা এসএ গেমসে যেতে পারবেন।
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন। খেলা হবে পুরুষ ও মহিলা একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে। পাঁচ দিনের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিঙ্গাপুর, উজবেকিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের ১৩০ জন খেলোয়াড়। বাংলাদেশের ২৩ খেলোয়াড়ের মধ্যে এসএ গেমসের ক্যাম্পে ডাক পাওয়া ১৩ জন আছেন। ৬৫ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টের প্রাইজমানি প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা। পৃষ্ঠপোষকতা করছে দেশি-বিদেশি ১০টি প্রতিষ্ঠান। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা।
মূলত র্যাঙ্কিং বাড়ানোর জন্যই ঢাকায় আসবেন বিশ্ব র্যাঙ্কিংয়ে পুরুষ এককের ৩৪তম ভারতের সাই প্রানিত, মহিলা এককের ৩৫তম যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াং। দুজনই শীর্ষ বাছাই। এঁদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ খেলোয়াড় এনামুল, রইচ, পরশদের অসম লড়াইটাই অনুমিত।
তারপরও বাংলাদেশের খেলোয়াড়দের কেউ কেউ সেমিফাইনালের স্বপ্ন দেখেন। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা যেমন বললেন, ‘এখানে শক্তিশালী অনেক খেলেয়াড়েরা থাকলেও আমরা অন্তত সেমিফাইনালে যেতে চাই।’ তবে এটিকে এসএ গেমসের প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখেন সাবেক চ্যাম্পিয়ন শাপলা আক্তার, ‘ঘরোয়া কোনো টুর্নামেন্ট হয় না এক বছর। বাইরে খেলতে যাওয়ারও সুযোগ নেই। সামনে যেহেতু এসএ গেমস, এখানে নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ পাব।’