এসএ গেমসের সাফল্যেও নড়ল না বক্সিং
এসএ গেমসের সোনাজয়ী। সংগত কারণেই সাউথইস্ট ব্যাংক জাতীয় সিনিয়র বক্সিংয়ের ফাইনালে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ আনসারের জুয়েল আহমেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর আবদুর রহিম। গতকাল মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের ফাইনালে জিতে দুজনেই গলায় ঝুলিয়েছেন সোনার পদক।অজনপ্রিয় বক্সিংয়ের লড়াইটা সেনাবাহিনী আর আনসারের মধ্যেই সীমাবদ্ধ। ফাইনাল শেষে স্পষ্ট সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য। মোট ১১টি ওজন-শ্রেণীর ৮টিতে ফাইনালে উঠে তার ৭টিতেই সোনা জিতেছে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সঙ্গে একটি রুপা। তিনটি সোনা, ২টি রুপা আর ১টি ব্রোঞ্জ জিতে আনসার রানার্সআপ। একটি সোনা বিকেএসপির।১১টি ওজন-শ্রেণীর একমাত্র ৬৯ কেজি ওজন-শ্রেণীতেই লড়াই হয়েছে। বাকি সবগুলোতেই বিজয়ীরা জিতেছেন অনায়াসেই। ৫১ কেজিতে আনসারের মশিউর রহমান, ৬০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ, ৬৪ কেজিতে সেনাবাহিনীর আবদুর রহিম, ৬৯ কেজিতে সেনাবাহিনীর আজিজুর রহমান, ৭৫ কেজিতে সেনাবাহিনীর সুরুজ বাঙালি, ৮১ কেজিতে সেনাবাহিনীর সুমন সরকার, ঊর্ধ্ব-৯১ কেজিতে সেনাবাহিনীর আনোয়ার হোসেন, ৪৮ কেজিতে সেনাবাহিনীর মিজানুর রহমান, ৫৪ কেজিতে সেনাবাহিনীর ফয়সাল মোল্লা, ৫৭ কেজিতে আনসারের আরিফ হোসেন এবং অনূর্ধ্ব-৯১ কেজিতে সোনা জিতেছেন বিকেএসপির জহির উদ্দিন।এসএ গেমসে দুটি সোনা দিয়েছিল বক্সিং। ধারণা করা হয়েছিল, অপ্রত্যাশিত এই সাফল্যে উজ্জীবিত হয়ে বক্সিংকে জনপ্রিয় করতে নতুনভাবে মাঠে নামবে ফেডারেশন। কিন্তু কোথায় সেই উদ্যোগ? দায়সারাভাবে টুর্নামেন্ট সেরেই তারা খালাস। যেন বক্সিংয়ের দিকে মানুষের দৃষ্টি ফেরানোর দায়টা অন্যের! জাতীয় প্রতিযোগিতার ফাইনাল। স্টেডিয়ামে সাধারণ দর্শক নেই। গ্যালারিতে বসে গলা ফাটাল শুধু প্রতিযোগীদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং বক্সাররা! ফাইনালের দিনে বিশেষ একটি দিক ছিল মহিলা বক্সিংয়ের প্রদর্শনী। শারমিন আক্তার (রুনা), ফারজানা শারমিন (মিতু), নুসাংপ্রু মারমা (নুসা) ও শাহনাজ পারভীন তাঁদের কোমল হাতে বক্সিং গ্লাভস পরে নতুন যুগের সূচনা করলেন। কিছুদিনের মধ্যেই প্রতিযোগিতামূলক বক্সিংয়ে সদর্পে পা ফেলবেন বাংলাদেশের ‘লায়লা আলী’রা!