এসএলপিএল বাদ দিয়ে সিপিএলে তামিম
ব্যাপারটা নিশ্চিত হয়েছে পরশু। ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে সেন্ট লুসিয়ায় খেলবেন তামিম ইকবাল। তবে সংশয় ছিল ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পুরোটা তিনি খেলতে পারবেন কি না। কারণ এই টুর্নামেন্টের সূচি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর) সঙ্গে সাংঘর্ষিক। তামিম অবশ্য সিদ্ধান্ত নিতে দেরি করলেন না, কালই জানিয়ে দিলেন, ক্যারিবিয়ানেই খেলবেন। যদিও এসএলপিএলের দল ওয়াইয়াম্বা ইউনাইটেডের সঙ্গে তিন বছরের চুক্তি আছে বাংলাদেশের ওপেনারের। তামিমকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এসএলপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নাম প্রত্যাহারের গুঞ্জনও। কাল ক্যারিবিয়ানে খেলার সিদ্ধান্ত জানাতে গিয়ে তামিম এটিকে দাঁড় করালেন অন্যতম কারণ হিসেবে, ‘আমি ক্যারিবিয়ান ক্রিকেট লিগেই খেলব। একই সময়ে হওয়ায় আমাকে একটি টুর্নামেন্ট বেছে নিতে হলো। এ ছাড়া শুনেছি এসএলপিএলে কয়েকটি দল নাম প্রত্যাহার করেছে।’