এসএলপিএলে গেলেন মাহমুদউল্লাহও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  হঠাত্ করেই ডাক এল শ্রীলঙ্কা থেকে। এবারের ঈদটা তাই আর পরিবারের সঙ্গে করা হলো না মাহমুদউল্লাহর। ঈদের দুই দিন আগে শ্রীলঙ্কায় চলে গেলেন এসএলপিএলে খেলতে। ঈদের ছুটির মধ্যে খেলে ফেলেছেন একটা ম্যাচও।এসএলপিএলে মাহমুদউল্লাহর দল বাসানাহিরা। পরশু টুর্নামেন্টে মাহমুদউল্লাহর অভিষেক ম্যাচে বাসানাহিরা উথুরা রুদ্রসের কাছে হেরে গেছে ৪ উইকেটে। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭ বলে ১৩ রান করেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, বল হাতে ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।বিসিবি সূত্রে জানা গেছে, এসএলপিএলে খেলার সম্ভাবনা আছে মোহাম্মদ আশরাফুলেরও। নাগেনাহিরা নাকি আগ্রহ প্রকাশ করেছে তাঁর ব্যাপারে। আশরাফুল বর্তমানে ইংল্যান্ডের কেন্ট লিগে খেলছেন। নাগেনাহিরায় আগে থেকেই খেলছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। ঈদের পরদিন দুজনই ছুটি নিয়ে ঢাকায় এসেছেন। আগামীকাল আবার তাঁদের শ্রীলঙ্কা ফিরে যাওয়ার কথা। এ ছাড়া ওয়াইয়াম্বার হয়ে এসএলপিএলে খেলছেন বাংলাদেশের তামিম ইকবালও।ওদিকে ঈদের ছুটির পর ২৫ আগস্ট থেকে আবার শুরু হচ্ছে ত্রিনিদাদ সফর ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। রিচার্ড পাইবাসের শর্ত ছিল, এসএলপিএলে যাওয়া ক্রিকেটাররা ২৫ আগস্টের আগেই দেশে ফিরে সেদিন জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। সেই শর্ত কিছুটা শিথিল করেছেন পাইবাস। বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশি ক্রিকেটাররা এখন টুর্নামেন্ট শেষ করেই আসতে পারবেন এসএলপিএল থেকে।টুর্নামেন্টের ফাইনাল ৩১ আগস্ট। বাংলাদেশ দলও সেদিন সন্ধ্যায় ত্রিনিদাদের উদ্দেশে দেশ ছাড়বে। কাজেই বাংলাদেশের কারও এসএলপিএলের ফাইনালে খেলার সুযোগ এলেও সমস্যা নেই। ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দুবাইয়ের যাত্রাবিরতিতে।