এসএলপিএলে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ আইপিএলে বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও তামিম ইকবাল এখানেও আছেন, তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। এই তিনজন মুশফিকুর রহিম, নাসির হোসেন ও ইলিয়াস সানি আবার পড়েছেন একই দলে।আইপিএল-বিপিএল থেকে একটা জায়গায় শুরুর আগেই ভিন্ন হয়ে গেছে এসএলপিএল। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের নিলাম হচ্ছে না। খেলোয়াড়দের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে আগেই। এরপর লটারির মাধ্যমে ক্রম ঠিক করে দলগুলো বেছে নিয়েছে পছন্দের খেলোয়াড়। গত পরশু সেই ‘লটারি’তে ৫৬ জন বিদেশি খেলোয়াড় সাত দলে ভাগ হয়ে গেলেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের বাগড়ার কারণে গতবার এই টুর্নামেন্ট হতে পারেনি। এবারও ভারতীয় বোর্ড তাদের কোনো খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়নি। ইংল্যান্ডেরও কোনো খেলোয়াড় নেই। তবে ইংল্যান্ডের পাসপোর্টধারী পাকিস্তানি আজহার মেহমুদকে ধরলে ভিন্ন কথা। সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় অস্ট্রেলিয়ার, এরপরই পাকিস্তানের (১৩)। মজার ব্যাপার হলো, পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মিসবাহ-উল-হক এই তালিকায় থাকলেও নেই পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।এসএলপিএল চলবে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। শ্রীলঙ্কার ১০৭ খেলোয়াড়ের ‘লটারি’ হয়েছে গতকাল। সর্বোচ্চ ৩৫ হাজার ডলারের তালিকায় আছেন ছয় ক্রিকেটার—জয়াসুরিয়া, চান্ডিমাল, কাপুগেদারা, হেরাথ, কুলাসেকারা ও থিসারা পেরেরা।