এসএলপিএলে যাচ্ছেন না সাকিব
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। সাকিবের এমআরআই রিপোর্ট দেখে জাতীয় দলের ফিজিও বিভব সিং বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাঁকে। তবে সেপ্টেম্বরের শুরুতে বিসিবি একাদশের হয়ে ত্রিনিদাদ সফরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।ফিজিওর রিপোর্টের ভিত্তিতে বিসিবিও কাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে সাকিবকে এসএলপিএলে না পাঠানোর সিদ্ধান্ত। গত মাসের আয়ারল্যান্ড সফর থেকেই বাঁ হাঁটুর সমস্যায় ভুগছেন সাকিব। পরশু করানো এমআরআই রিপোর্টে গুরুতর কিছু পাওয়া না গেলেও বিভব সিংয়ের মনে হয়েছে, এ মুহূর্তে খেলা চালিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। এসএলপিএলে খেলার পরিবর্তে বিশ্বকাপের আগের সময়টায় পুনর্বাসন চালাতে চান তিনি সাকিবের। ফিজিওর এমন সুপারিশের ভিত্তিতেই সাকিবকে এসএলপিএলে না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান। সাকিবও কাল টেলিফোনে বললেন, ‘এ মুহূর্তে খেলার চেয়ে পুনর্বাসনটাই জরুরি মনে হচ্ছে।’সাকিব না গেলেও মুশফিক, তামিম, নাসির আর সানির শ্রীলঙ্কা চলে যাওয়ার কথা তিন-চার দিনের মধ্যে। তবে পুরো টুর্নামেন্ট খেলা হবে না। কোচ রিচার্ড পাইবাসের সিদ্ধান্ত, ২৫ আগস্টের মধ্যে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে হবে তাঁদের। বিসিবি থেকে কাল শ্রীলঙ্কা ক্রিকেটকেও জানিয়ে দেওয়া হয়েছে এই বার্তা।এসএলপিএলে তামিম ইকবাল খেলবেন ওয়াইম্বা ইউনাইটেডে। বাকি তিনজন নাগেনাহীরা নাগাসে। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে সাকিবের খেলার কথা ছিল উথুরা রুদ্রসে।