এসএলপিএলের আইকন গেইল-আফ্রিদি
এবার শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। সবকিছু ঠিক থাকলে ১০ আগস্ট থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। নিশ্চিতভাবেই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি। দুটি দলের আইকন খেলোয়াড়ও এই দুজন। অন্য আইকন খেলোয়াড়েরা সবাই অবশ্য শ্রীলঙ্কান—তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালিধরন, মাহেলা জয়াবর্ধনে। তবে ৬ আগস্ট পর্যন্ত দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্ট, পাঁচ ওয়ানডের সিরিজে ব্যস্ত থাকবেন ক্রিস গেইল। এসএলপিএলে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার খেলবেন উভা প্রদেশের হয়ে, আর আফ্রিদির ঠিকানা নাগেনাহিরা। বাকি দলগুলো হল বাসনাহিরা, কানদুরাতা, রুহুনা, উথুরা এবং ওয়াইয়াম্বা। গত সপ্তাহে গড়ে ৪৩ লাখ ডলার বিক্রি হয়েছে এই ফ্রাঞ্চাইজিগুলো। ওয়েবসাইট। শুরুতে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেওয়ার ব্যাপারে গড়িমসি করছিল বিসিসিআই। পরে অবশ্য অনুমতি দিয়েছে, আর সে কারণে ভারতের কয়েকটি কোম্পানি ফ্রাঞ্চাইজিগুলোতে বিনিয়োগ করেছে। তিন সপ্তাহ ধরে চলবে এই লিগ, ফাইনাল ৩১ আগস্ট। ম্যাচের সংখ্যা ২৪টি, খেলা হবে কলম্বো ও পাল্লেকেলেতে। একটি দল ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, নিবন্ধন করতে পারবে সর্বোচ্চ ছয়জনকে।