এসপানিওলের চার মিনিটের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে মিরান্ডেস। তখন তো এমনটাই মনে হওয়া স্বাভাবিক, স্পেনের তৃতীয় বিভাগের দলটি আরেকটি ‘চমক’ই উপহার দিতে যাচ্ছে। তখনই বিস্ময়কর এক নাটকের জন্ম। চার মিনিটের ব্যবধানে তিন গোল করে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচটি ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ল এসপানিওল।শেষ মুহূর্তের এই নাটকীয় জয়ে কোপা দেল রের (কিংস কাপ) সেমিফাইনালের পথে এগিয়ে থাকল লা লিগার দলটি। যদিও কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটি এসপানিওলকে খেলতে হবে মিরান্ডেসের মাঠে। এবারই প্রথম টুর্নামেন্টের শেষ আটে উঠতে পারেনি ভিয়ারিয়াল ও রেসিং সান্তানদার। আগের রাউন্ডে সান্তানদারকে ছিটকে ফেলেই ক্লাবের ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠে ১২ লাখ ৩০ হাজার ইউরো বাজেটের দল মিরান্ডেস।এই মিরান্ডেসই পরশু আবার কাঁপিয়ে দিয়েছিল ৫ কোটি ইউরো বাজেটের দল এসপানিওলকে। শেষ পর্যন্ত শেষ হাসিটা অবশ্য ২০০৬-এর চ্যাম্পিয়ন এসপানিওলই হেসেছে। তাদের হয়ে ৮৫ মিনিটে প্রথম গোল করেন ভ্লাদিমির ভেইস। দুই মিনিট পর রুই ফন্তে ফেরান সমতায়। ৮৯ মিনিটে হুয়ান ভেরদু করেন জয়সূচক গোল। চার মিনিটের এই জাদু দেখে স্বাগতিক এসপানিওল সমর্থকেরাই তখন হতবাক! রয়টার্স।