লন্ডন অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছিল, ছিল মনকাড়া সমাপনী অনুষ্ঠানও। ছিল অলিম্পিকে ব্রিটিশদের ‘সুপার স্যাটারডে’। আমেরিকানদের প্রিয় দুটি ক্রীড়া ইভেন্ট সুপার বোল ও এনবিএর অলস্টার গেমও ছিল প্রতিদ্বন্দ্বী। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ২০১২ সালের বর্ষসেরা ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার জিতে নিয়েছে ক্রিকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) শততম টেস্ট ম্যাচটা হয়েছে গত বছরের বর্ষসেরা ক্রীড়া অনুষ্ঠান। কোনো স্টেডিয়াম কিংবা বড় কোনো ভেন্যুর সেরা অনুষ্ঠানের পুরস্কারটা গতকালই ঘোষণা করা হয়েছে ম্যানচেস্টারে। স্বীকৃতির পোশাকি নাম স্টেডিয়াম বিজনেস অ্যাওয়ার্ড। ওয়েবসাইট। ২০১২ সালে জানুয়ারিতে এসসিজির শততম টেস্টে ভারতকে ইনিংস ও ৬৮ রানে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচটা স্মরণীয় হয়ে আছে মাইকেল ক্লার্কের ৩২৯ রানের জন্যও। উপলক্ষটা আরও উপভোগ্য হয়েছিল রিকি পন্টিং ও মাইক হাসির সেঞ্চুরিতেও। তবে বিচারকদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে এসসিজির ঐতিহ্য ও দীর্ঘ সময় ধরে নিয়মিত খেলা আয়োজন করে যাওয়াটা। এর আগে পুরস্কার পেয়েছিল জোহানেসবার্গের ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল ও ২০১১ সালে ওয়েম্বলির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।