এসি মিলানে আছে ‘ব্রাজিলিয়ান রক্ত’: রবিনহো
ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে যেতে পেরে যারপরনাই খুশি হয়েছেন রবিনহো। এসি মিলানকে নিজের বাড়ির মতোই মনে হচ্ছে তাঁর। এমনকি ইতালির এই ক্লাবটিতে ‘ব্রাজিলিয়ান রক্ত’ রয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার।ম্যানচেস্টার সিটি থেকে দীর্ঘদিন ধরেই অন্য কোথাও যেতে চাইছিলেন রবিনহো। ধারে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলতে গিয়ে থেকে যেতে চেয়েছিলেন সেখানেও। কিন্তু রবিনহোকে কেনার মতো টাকা সান্তোসের ছিল না। ফলে আবার ফিরতে হয় সিটিতে। অবশেষে দলবদলের শেষ দিনে রবিনহোকে উদ্ধার করেছে এসি মিলান।এখন উচ্ছ্বাস প্রকাশে কোনো রাখঢাক করছেন না ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার, ‘মিলানে আমার নিজের বাড়ির মতোই মনে হচ্ছে। ক্লাবটিতে ব্রাজিলিয়ান রক্ত আছে। এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’ এসি মিলানে ব্রাজিলিয়ান সতীর্থ রোনালদিনহো, পাতো ও থিয়াগো সিলভাকে পেয়ে আনন্দটা আরও বেড়ে গেছে রবিনহোর। তবে ম্যানচেস্টার সিটি বা ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা আর এসি মিলানকেই সবচেয়ে শক্তিশালী দল বলে মানছেন রবিনহো। তিনি এরই মধ্যে এসি মিলান ও বার্সেলোনার মধ্যে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্নও দেখতে শুরু করেছেন। ইতালিয়ান এক ক্রীড়া সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে রবিনহো বলেছেন, ‘মিলান বেশ কিছু ভালো ফুটবলারকে দলে ভিড়িয়েছে। কাগজে-কলমে আমরা খুবই শক্তিশালী দল। এখন মাঠেও জিততে পারবে—এমন একটা দলে পরিণত হতে হবে আমাদের।’ টাইমস অব ইন্ডিয়া