এসি মিলানের কাছে বার্সেলোনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা ছিল বার্সেলোনার ‘টিকি-টাকা’র সঙ্গে এসি মিলানের প্রতি-আক্রমণনির্ভর ফুটবলের। সেই লড়াইয়ে যোজন ব্যবধানেই পরাজিত বার্সেলোনার টিকি-টাকা। সানসিরোয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে তারা।ম্যাচের ৫৭ মিনিটে কেভিন প্রিন্স বোয়েটাং এসি মিলানকে এগিয়ে দেন। গোলটি নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে। বার্সেলোনার খেলোয়াড়েরা গোলটির বিপক্ষে তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন। কিন্তু রেফারির সিদ্ধান্ত গেছে এসি মিলানের পক্ষে। বিতর্কিত এই গোলেই ম্যাচের লাগাম বার্সার হাত থেকে সরিয়ে আরও একটি গোলের পথ সুগম করে ‘রোসোনেরি’রা। ৮১ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে সুলে আলি মুনতারি গোল করে বার্সেলোনার পরাজয় নিশ্চিত করেন।ম্যাচের প্রথমার্ধ ছিল বার্সেলোনার নিয়ন্ত্রণে। স্বভাবসিদ্ধ ফুটবলে বলের দখল তাদের পায়ে থাকলেও গোল করার মতো সুযোগ খুব একটা তৈরি হচ্ছিল না; বরং এসি মিলান এ সময় যে দু-একটি প্রতি-আক্রমণ চালিয়েছে, তা শঙ্কা তৈরি করেছিল বার্সেলোনা শিবিরে।দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলার ধারা অনেকটা একই রকম ছিল। ৫৭ মিনিটে মোটামুটি ধারার বিপরীতে এক বিতর্কিত গোলই পাল্টে দেয় ম্যাচের পুরো চিত্র। রিকার্ডো মনটোলিভোর এক ফ্রি-কিক মিলানের জাপাতার হাতে লাগলেও রেফারি পুরো ঘটনাই এড়িয়ে যান। এতে হকচকিত বার্সা রক্ষণব্যূহকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বল জালে জড়িয়ে দেন বোয়েটাং।আচানক এই গোলে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। এক গোলে পিছিয়ে পড়েও অবশ্য গোল শোধের সুবর্ণ সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। আন্দ্রেস ইনিয়েস্তার এক শট লক্ষ্যভ্রষ্ট হলে কাতালানদের হাতাশার মাত্রাই কেবল বাড়ে।খেলার ৮১ মিনিটে দারুণ এক গোলে দলকে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যান মুনতারি। এমবেয়ির পাস থেকে বল ধরে এল শারাওয়ি তা ঠেলে দেন আগুয়ান মুনতারির দিকে। মুনতারি দারুণ কারিশমায় বল জালে জড়িয়ে দিলে আনন্দে ভেসে যায় গোটা সানসিরো।কালকের ম্যাচে পরাজয় বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ যাত্রাকে কঠিনই করে দিল। পরের লেগে ন্যু ক্যাম্পে বার্সা এসি মিলানের মুখোমুখি হবে প্রায় তিন সপ্তাহ পরে। ওই ম্যাচে কমপক্ষে দুইবার মিলানের জালে বল জড়াতে না পারলে টানা চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধারের স্বপ্ন দেখা বার্সেলোনাকে বিদায় নিতে হবে শেষ আটে না গিয়েই।ম্যাচ শেষে হতাশ বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘ম্যাচের প্রধমার্ধটা আমরা ভালোই খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে গোল খেয়ে আমরা খেই হারিয়ে ফেলি।’তিনি অবশ্য ম্যাচ শেষে রেফারি কিংবা সানসিরোর প্রতিকূল পরিবেশকে দলের পরাজয়ের কারণ হিসেবে টেনে আনেননি। পিকে বলেন, ‘এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমাদের ন্যু ক্যাম্পের ম্যাচটির জন্য প্রস্তুত হতে হবে। ওই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে আমাদের সামনে আর কোনো সুযোগ নেই।’রয়টার্স, গোল ডটকম।