এসিয়েনদের ঠিকুজির খোঁজে
বলুন তো—মাইকেল এসিয়েন বাবা-মায়ের কত নম্বর সন্তান?
গুগল নামের আলাদিনের চেরাগের খোঁজ নিয়ে হয়তো বের করতে পারবেন। তবে মজাটা হচ্ছে, ঘানার এই মিডফিল্ডারের নামের ভেতরেই লুকিয়ে আছে তাঁর জন্মের ঠিকুজি। ‘এসিয়েন’ নামটাই বলে দিচ্ছে, তিনি বাবা-মায়ের ষষ্ঠ সন্তান!
অবাক হয়ে গেলেন? নাম দেখে কীভাবে সবকিছু বলে দেওয়া যায়? ব্যাপারটা আসলে জলবৎ তরলং। শুধু এসিয়েন কেন, ঘানার অনেক খেলোয়াড়ের নামের মধ্যেই লুকিয়ে আছে তাঁদের জন্মবৃত্তান্ত! কত নম্বর সন্তান সেটাই শুধু নয়, কী বারে জন্মগ্রহণ করেছেন সেটাও জেনে ফেলা সহজ নাম শুনে। ঘানার কোচের কথাই ধরুন, ভদ্রলোকের নাম জেমস কোয়েসি আপিয়াহ। তাঁর নাম থেকে বলে দেওয়া যায়, তিনি জন্মেছিলেন রোববারে!
রহস্যটা আসলে কী? ব্যাপারটা খোলাসা করা যাক। পশ্চিম আফ্রিকার আকান গোত্রের নামগুলো আসলে একটা সহজ ফর্মুলা মেনে চলে। ধরুন, আপনি রোববারে জন্মেছেন। তাহলে আপনার নামের সঙ্গে কোয়েসি, আকওয়াসি, কোসি, সিসি, কোয়াসিবা—এর যেকোনোটিই থাকতে পারে। সপ্তাহের অন্য দিনের জন্যও রয়েছে এমন আলাদা নাম। যেমন শুক্রবারে জন্মালে কফি, ফিফি বা ইয়ুফি। শনিবারের জন্য এতো, কোয়ামে বা কোয়ামিনা। সোমবারে হলে কোয়াদো বা জোজো, মঙ্গলবারে হলে কোয়াবেনা, বুধবারে কোয়াকু, বৃহস্পতিবারে হলে ইয়াও। তবে ঘানার সব খেলোয়াড়েরই নাম যে এই সূত্র মেনে চলে, তা নয়। শুধু আকান জাতিভুক্ত লোকদের জন্যই নামকরণের এ বিশেষ তরিকা।
এসিয়েনে আবার ফিরে আসা যাক। সাধারণত আকানা লোকদের নামে দুটি অংশ থাকে। প্রথমটা জন্মবার দিয়ে, দ্বিতীয়টা বাবা-মায়ের কত নম্বর সন্তান সেটা নিয়ে। প্রথম সন্তান হলে পিয়েসি বা বার্কো, দ্বিতীয় হলে মানু, তৃতীয় হলে মেনসাহ, চতুর্থ হলে আনান। পঞ্চম হলে আনুম, ষষ্ঠ হলে এসিয়েন৷ এবার নিশ্চয় বুঝতে পারছেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কোন বারে জন্মেছিলেন বা তিনি বাবা-মায়ের কততম সন্তান! আনান নামের একজন ঘানা দলেও আছেন, শালকে মিডফিল্ডার অ্যান্থনি আনান। ওদিকে মেনসাহ নামের তো দুজন আছেন, ফ্রেঞ্চ লিগের দুই খেলোয়াড় জন মেনসাহ ও জোনাথান মেনসাহ। বোঝা যাচ্ছে, দুজনেই বাবা-মায়ের তৃতীয় সন্তান।