এসে গেছে দুই ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিল ‘টু ডব্লু’। ওয়াসিম-ওয়াকার জুটি। এর পর ‘এস-এস’। শোয়েব-সামি জুটি অবশ্য দুই ডব্লুর মতো ভয়ংকর হয়ে উঠতে পারেনি। সদ্যসমাপ্ত সিরিজে ‘টু এ’ নামের নতুন এক জুটি আবিষ্কারের আনন্দেই ভাসছে পাকিস্তান। মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ দুজনেই ১১ উইকেট নিয়ে যৌথভাবে সিরিজের সফল বোলারও।২৮ বছর বয়স হয়ে গেছে। নতুন কোনো বিতর্কে না জড়ালেও খুব বেশি দিন পাকিস্তানের ক্রিকেটে আসিফ থাকবেন না। তবে আমির যেন জানিয়ে দিলেন, পাকিস্তানের ক্রিকেটে তিনি থাকতেই এসেছেন।বাঁহাতি ফাস্ট বোলার, পরিচ্ছন্ন রানআপ, অ্যাকশন-ফলোথ্রু...সব মিলিয়ে অনেকেই তাঁর মধ্যে ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পান। আমির নিজে আকরামেরই আবিষ্কার। ২০০৭ সালে আকরাম একটা বোলিং ক্যাম্প করেছিলেন। সেই ক্যাম্পে ১৫ বছর বয়সী আমিরের বোলিং এতটাই ভালো লেগেছিল, দ্রুতই তাঁকে নির্বাচন করে পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরে। জহুরি চোখে ঠিক রত্নটাই যে আকরাম খুঁজে বের করেছেন, সেটি ওই সফরেই বুঝিয়ে দেন।জাতীয় দলের ডাক পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি বেশি দিন। ২০০৯ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। জুলাইয়ের শুরুর দিকে টেস্ট অভিষেক, শেষের দিকে অভিষেক হয়ে যায় ওয়ানডেতেও।আর এই কদিনেই ১৮ বছর বয়সী কিশোরসুলভ মায়াবী চেহারার তরুণটি হয়ে উঠেছেন পাকিস্তানের এক নম্বর বোলার। তাঁর দ্রুত উন্নতিতে আকরাম নিজে এতটা মুগ্ধ, লর্ডস টেস্ট চলার সময় তো বলেই দিলেন, ‘ও একদিন আমাকেও ছাড়িয়ে যাবে। কারণ ওর বয়সে আমি নিজে এতটা চতুর বোলার ছিলাম না।’আমিরের চাতুর্যের ভালো সাক্ষী হয়ে আছেন মাইক হাসি। এই লোকটা কিছুদিন ধরে পাকিস্তানের ক্রিকেটের যাবতীয় সমস্যার মূলে! হেডিংলি টেস্টে আমির যেন তারই শোধ তুললেন। দ্বিতীয় ইনিংসে তাঁর একটা ‘স্লোয়ার’ সিমের ওপর পড়ে বাড়তি বাউন্স পেয়ে লাফিয়ে উঠেছে। সেটাই গ্লাভস ছুঁয়ে চলে গেছে স্লিপে। হতভম্ব হাসি উইকেটে খানিকক্ষণ থেকে বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কী ঘটল।হেডিংলি টেস্টের তৃতীয় দিনে আমিরের সামনে জবুথবু হয়ে থাকলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। চুইংগাম চিবুতে চিবুতে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের যেন বুঝিয়ে দিচ্ছিলেন, ‘দ্যাখো, চাইলে আমি কিন্তু তোমাদের এভাবেই চিবিয়ে খেয়ে ফেলতে পারি!’ সেদিন নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই রিকি পন্টিং, হাসি আর মার্কাস নর্থকে ফিরিয়ে দিয়েছিলেন বলেই তো ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়টা পেল পাকিস্তান।দুই ইনিংস মিলে তাঁর উইকেট ৭টি। ক্যারিয়ারের ম্যাচ-সেরা বোলিং। ম্যাচ-সেরার পুরস্কার নিতে গিয়ে জানালেন, এতেই তিনি তৃপ্ত নন। হবেন কেন, সামনে যে পড়ে রয়েছে দীর্ঘ পথ।