এসে গেছে বিদায়বেলা!
বেন হিলফেনহসের আউট সুইঙ্গারে তৃতীয় স্লিপে ক্যাচ, পার্থ টেস্টের দ্বিতীয় বিকেলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন ভিভিএস লক্ষ্মণ। এই ফেরাই কি ‘ভেরি ভেরি স্পেশালের’ শেষ ফেরা?কাল সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে চাউর হয়ে গেল, পার্থ টেস্ট শেষেই অবসরে যাচ্ছেন লক্ষ্মণ। শেষ পর্যন্ত সেটা হয়তো হচ্ছে না। তবে চারপাশ থেকে সমালোচনার তির যেভাবে ধেয়ে আসছে, তাতে সিরিজ শেষেও অবসর না নিলে সেটাই হবে বিস্ময়ের। লক্ষ্মণের পাশাপাশি রাহুল দ্রাবিড়ও যদি অবসরের পথ ধরেন, অবাক হওয়ার থাকবে না কিছুই। এক শচীন টেন্ডুলকার ছাড়া অস্ট্রেলিয়ায় এবার ব্যর্থ ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের বাকি ছয়জনই। কিন্তু সমালোচনার তির বেশি বুড়োদের দিকে। আরও নির্দিষ্ট করে বললে দুই বুড়োর দিকে।৪১.৫০ গড়ে ২৪৯ রান—নিজের মানে খুব ভালো কিছু নয়, শচীন টেন্ডুলকার তবু সিরিজে ভারতের সর্বোচ্চ স্কোরার। অবশ্য সবচেয়ে কম রান করলেও টেন্ডুলকারের ওপর অবসরের চাপ খুব বেশি থাকত বলে মনে হয় না। কিন্তু দ্রাবিড় আর লক্ষ্মণের সময় ফুরিয়ে আসছে বলেই মনে হচ্ছে। অথচ গত বছরটা কী অসাধারণই না কেটেছে দ্রাবিড়ের! ইংল্যান্ডে দলের চরম ব্যর্থতার সিরিজে তিনটি সেঞ্চুরি করেছেন, বছরের সর্বোচ্চ রানও ছিল তাঁর (১১৪৫)। সেই দ্রাবিড়ই অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য রকমের ব্যর্থ। ২৮ গড়ে ১৬৮ রান, এর চেয়েও দৃষ্টিকটু ৬ ইনিংসে ৫ বার বোল্ড হওয়া!গত বছরের পারফরম্যান্স তবুও একটা লাইফলাইন হতে পারে দ্রাবিড়ের, কিন্তু লক্ষ্মণ আঁকড়ে ধরার মতো খড়কুটোও পাচ্ছেন না। টেন্ডুলকার-দ্রাবিড়ের চেয়ে ম্যাচ জেতানো ইনিংস তাঁর অনেক বেশি আছে, কিন্তু বরাবরই তিনি ‘আনসাং হিরো।’ দুঃসময়ে বিপদটা বেশি হয় এই আনসাং হিরোদেরই। ইংল্যান্ডে ও অস্ট্রেলিয়ার ভারতের ব্যর্থতার সম্পূরক লক্ষ্মণের ব্যর্থতা। এই সিরিজে ১৭ গড়ে ১০২ রান, ইংল্যান্ডে করেছিলেন ২২.৭৫ গড়ে ১৮৫ রান। তিন ‘বুড়ো’র মধ্যে সবচেয়ে কম বয়সী হয়েও তাই সবার আগে যেতে হতে পারে লক্ষ্মণকে।মহেন্দ্র সিং ধোনি অবশ্য কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উড়িয়ে দিলেন লক্ষ্মণের অবসরের গুজব, ‘যেখানে অনেক বড় “যদি” ও অনেক বড় “কিন্তু” আছে, এ ধরনের প্রশ্নের জবাব দিতে চাই না আমি। আমি জানি না, এটা কীভাবে ছড়িয়ে পড়ল। যতক্ষণ লক্ষ্মণ নিজে এসে না বলছে, আমি জানি না কী হচ্ছে বা হতে যাচ্ছে। এটা নিয়ে এখন ভাবার প্রয়োজনও দেখছি না।’‘এখন’ ভাবার প্রয়োজন না হলেও সিরিজ শেষে যে প্রয়োজন আছে, সেটার ইঙ্গিত কিন্তু ঠিকই দিয়েছেন ধোনি, ‘হয়তো সিরিজ শেষে ভাবার সঠিক সময়। সিনিয়রা কী ভাবছে, আমাদের সেটাও ভাবতে হবে। জানি চারদিকে এখন সিনিয়র হটাও দাবি। কিন্তু দেশের জন্য তাঁরা যা করেছেন এবং জুনিয়রদের সঙ্গে যেভাবে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারেন, সেদিক বিবেচনা করে আমাদের সতর্ক সিদ্ধান্ত নিতে হবে।’১৯.৬৬ গড়ে সিরিজে ১১৮ রান শেবাগের, অ্যাডিলেডে তবু দলকে নেতৃত্ব দেবেন তিনি। খেলবেনও আরও অনেক দিন। ২৪ গড়ে ১৪৪ রান করা গৌতম গম্ভীরও তা-ই। ২০.৪০ গড়ে ১০২ রান করেও দ্রাবিড়-লক্ষ্মণের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা থাকবে ধোনির। কিন্তু বয়সের কারণে লক্ষ্মণ-দ্রাবিড়দের হয়তো যেতেই হবে। খেলাটা এমনই নিষ্ঠুর, জগতের নিয়মও এটাই!