এসে গেছেন কলিন রুনি

রয়্যাল টিউলিপ হোটেলটা ঠিক কোপাকাবানা সৈকতের ওপরে। রিওর সবচেয়ে নামী হোটেল ফাসানো দাঁড়িয়ে শহরের আরেক বিখ্যাত সৈকত ইপানেমার দিকে মুখ করে। গত পরশু দুই হোটেলের সামনেই ক্যামেরা নিয়ে প্রস্তুত পাপারাজ্জির দল।
রয়্যাল টিউলিপের বাইরের ভিড়টা বিশ্বকাপের শুরু থেকেই। এখানেই যে এই বিশ্বকাপের ঘাঁটি গেড়েছে ইংল্যান্ড দল। কিন্তু ফাসানো হোটেল কেন হঠাৎ মনোযোগ পাচ্ছে? গত মঙ্গলবার দুই ছেলে, বাবা-মা ও ভাইকে সঙ্গে নিয়ে বাক্সপ্যাটরাসমেত এখানেই যে উঠেছেন কলিন রুনি।
বাক্সপ্যাটরার বিস্তারিত বিবরণ এরই মধ্যে ছাপা হয়ে গেছে ইংল্যান্ডের পত্রপত্রিকায়। হোটেলের ব্যালকনিতে কমলা রঙের বিকিনি পরে দাঁড়ানো কলিন রুনির ছবিও। রিওর বিমানে উঠেই দুই ছেলে কাই ও ক্লের সঙ্গে নিজের ছবি টুইট করেছেন কলিন: ‘উই আর অফ!! কাম অন ইংল্যান্ড!!!
জবাবে ব্যঙ্গোক্তি মিলেছে। টুইটারে সেটির জবাবও দিয়েছেন। ১৫টি স্যুটকেস কেন নিয়ে আসতে হলো, সেই ব্যাখ্যাও। সেটি এ রকম: ‘আমাদের দলে আমি আর বাচ্চারা ছাড়াও আরও অনেকে আছে...ন্যাপিস, ফর্মুলা মিল্ক, খেলনা, বোতল, ওয়াইপস্ এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকার জন্য প্রচুর কাপড়চোপড়। আমার দেশের প্রতি আমার বিশ্বাস ও সমর্থন আছে।’
মঙ্গলবার বিকেলে ইংল্যান্ডের টিম বাস ফাসানো হোটেলের সামনে দিয়েই অনুশীলনে গিয়েছে। যাওয়ার সময় কলিন রুনি ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়েছেন স্বামীর প্রতি। টাইমিং একটু গড়বড় হয়ে যাওয়ায় বাস আগেই বেরিয়ে গেছে বলে খবর। ফেরার সময় রুনি তাই মোবাইলে আগেই জানিয়ে দিয়েছিলেন সময়টা। এবার সমস্যা হয়নি। তবে রুনি কাচের আড়ালে ছিলেন বলে চার চোখের মিলন হয়েছে কি না, সেটি নিশ্চিত জানা যায়নি।
বিশ্বকাপে ইংলিশ সাংবাদিকদের প্রিয় একটা বিষয়—WAGs। শব্দটা ট্যাবলয়েড সাংবাদিকদের আবিষ্কার। ‘ওয়াগস’ মানে ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ডস। ২০০৬ জার্মানি বিশ্বকাপে ওয়াগদের বিশাল এক দল এসেছিল বাডেন বাডেনে। নেতৃত্বে ছিলেন ‘পশ স্পাইস’ ভিক্টোরিয়া বেকহাম। ট্যাবলয়েড সাংবাদিকদের ইংল্যান্ড দলের চেয়ে ওদিকেই মনোযোগ বেশি ছিল। ওয়াগদের ফ্যাশন, ওয়াগদের পার্টি, ওয়াগদের শপিং...লেখার বিষয়ের তো আর অভাব নেই। ইংল্যান্ডের আরেকটি ব্যর্থতার পর সেটির দায়ভারও বর্তেছিল ওয়াগদের কাঁধে। ওদের আসতে অনুমতি দেওয়ায় কোচ সভেন-গোরান এরিকসনকে তুলাধোনা তো অবশ্যই।
সেই অভিজ্ঞতার কারণেই চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় ওয়াগদের দেখা মেলেনি। এবার অনেকে আসবেন শোনা যাচ্ছে। তবে আপাতত শুধু কলিন রুনিরই পা পড়েছে ব্রাজিলে। মনোযোগের সবটাই তাই তিনি পাচ্ছেন। যে ফাসানো হোটেলে উঠেছেন, সেটির দৈনিক ভাড়া ৮৮ হাজার টাকা, সেখানে নাশতা করতেই ৩৬০০ টাকা লাগে....এমন গুরুত্বপূর্ণ সব তথ্যই জানা হয়ে গেছে ইংল্যান্ডের পাঠকদের।
মঙ্গলবার সন্ধ্যায় কোচ রয় হজসন খেলোয়াড়দের একটু ছুটি দেওয়ার কথা ছিল। সেই সুযোগে ওয়েইন রুনি স্ত্রী এবং দুই পুত্র—চার বছরের কাই এবং ১৩ মাসের ক্লের সঙ্গে দেখা করবেন, এ নিয়ে ইংলিশ সাংবাদিকদের খুব উত্তেজিত দেখলাম। না, তাঁরা এটির বিপক্ষে নন। কোথায় দেখা হলো, কী কথা হলো এসব বের করতে হবে না! রুনি দম্পতির একটা ছবিও তো চাই।
ইতালির কাছে প্রথম ম্যাচে হারার পরও ব্যতিক্রমীভাবে ব্রিটিশ প্রেস দলের প্রশংসা করেছে। তবে ওয়েইন রুনি সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি। রুনিকে ঠিক জায়গায় খেলানো হয়েছে কি না, এ নিয়ে তুমুল বিতর্কও হয়েছে। যে বিতর্কে সবাই খুব দ্রুত একমত হয়ে যাচ্ছেন। রুনিকে মাঝমাঠে বাঁ দিকে খেলানো ঠিক হয়নি। তাঁর জায়গা মাঝখানে। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়ারার নিজের কলামে লিখে দিয়েছেন, রুনিকে নাম্বার টেনের যে জায়গা, সেখানে না খেলালে তাঁকে খেলানোরই দরকার নেই।
আজ উরুগুয়ের বিপক্ষে রুনিকে খেলানো না-ও হতে পারে বলেও একটা কথা শোনা গিয়েছিল। গত পরশু বিকেলে ইংল্যান্ড দলের রুদ্ধদ্বার অনুশীলনের খবরও বের করে ফেলেছে ব্রিটিশ মিডিয়া। রুনিকে নাকি হজসন মাঝখানেই খেলিয়েছেন এবং রুনি প্রচুর খাটাখাটনি করেছেন। তার মানে রুনি আজ খেলছেন।
ওয়েইন রুনির এটি তৃতীয় বিশ্বকাপ। প্রাপ্তি বলতে একটি লাল কার্ড। না, গোলের দেখা এখনো পাননি। ৩৯ গোল করে ইংল্যান্ডের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। ববি চার্লটনের রেকর্ডটাও যে তিনিই ভাঙবেন, এ নিয়েও খুব একটা দ্বিমত নেই। অথচ বিশ্বকাপে কি না তাঁর একটিও গোল নেই! স্বাভাবিকভাবেই রুনিকে প্রতিনিয়তই কথাটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। যাতে ভীষণ চটে গেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। একজন খেলোয়াড়কে নিয়ে এমন নিত্য কাটাছেঁড়া রীতিমতো অন্যায় বলে মনে হচ্ছে তাঁর কাছে।
ব্রিটিশ প্রেসের চরিত্র এত দিনে ল্যাম্পার্ডের না-জানার কথা নয়। রুনি ভালো কিছু করলে ওরাই তাঁকে ‘নতুন পেলে’ বানিয়ে দেবে। ‘নতুন পেলে’ হওয়া-টওয়ার চেয়ে আপাতত রুনির চাওয়াটা খুব সামান্য। একটা গোল! ইতালির কাছে প্রথম ম্যাচে হারায় ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচ ‘জীবন-মরণ’ ব্যাপার। কলিন রুনি অবশ্য ‘মরণ’ কথাটাকে ধর্তব্যেই আনছেন না। তাঁর বিশ্বাস, ইংল্যান্ড শুধু আজ জিতবেই না, টুর্নামেন্টে বহুদূর যাবে। নইলে কি সঙ্গে আর ১৫টি স্যুটকেস নিয়ে আসেন!
আজ সকালে রিও থেকে প্রাইভেট জেটে করে সাও পাওলোতে খেলা দেখতে যাবে রুনির পরিবার। যেতেই পারে। সপ্তাহে যাঁর উপার্জন তিন লাখ পাউন্ড, সেই ফুটবলারের স্ত্রী-পুত্রের জন্য এটি কোনো বিলাসিতা নয়। কলিন রুনির ছোঁয়ায় ইংল্যান্ডের ভাগ্য বদলালে ভালো। নইলে অজুহাত কিন্তু একটা তৈরিই থাকল ব্রিটিশ প্রেসের। ইংল্যান্ড বিদায় নিলে দায়টা না কলিন রুনিকেই নিতে হয়!