এসে গেছেন বোলিং কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরেই বাংলাদেশে এসেছিলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ হয়ে। শেন ইয়ুর্গেনসেন পরশু আবার এলেন বাংলাদেশের বোলিং কোচ হয়ে। পরশু রাতে এসে কাল সকালেই এসেছিলেন দলের অনুশীলনে। রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও শাহাদাত হোসেন—দলের চার পেসারকে নিয়ে আলাদা সময়ও কাটালেন একাডেমি মাঠে।তবে খুব বেশি কাজ করার সুযোগ এখনই পাচ্ছেন না। আজই শুরু হয়ে যাচ্ছে সিরিজ। টুকটাক কিছু নির্দেশনা দেওয়া ছাড়া এই সিরিজটা ইয়ুর্গেনসেনের জন্য মূলত নতুন শিষ্যদের চিনে নেওয়ার সুযোগ। প্রধান কোচ স্টুয়ার্ট ল বললেনও এমনটাই, ‘খেলোয়াড়দের চিনতেই তো প্রথম সপ্তাহ দুয়েক লেগে যাবে। নতুন এক সংস্কৃতি, এখানকার কাজ করার ধরন—এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। তবে সে এর মধ্যেই পেসারদের সঙ্গে কথা বলেছে, ওদের বোলিং দেখেছে। আমি যত দূর জানি, দলকে কঠোর পরিশ্রমী করে তোলার ব্যাপারে তার খ্যাতি আছে। আর পরিশ্রম যত হবে, আমাদের জন্য ততই ভালো।’প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারে ইয়ুর্গেনসেন অনেকটা ছিলেন যাযাবর ক্রিকেটার। জন্ম কুইন্সল্যান্ডে, তবে নিজ রাজ্যে ফাস্ট বোলারদের ছড়াছড়ি দেখে পাড়ি জমান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক এখানেই। দুই মৌসুম পর আবার দলবদল, এবার তাসমানিয়ায়। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে এখানেই। ২০০২ পিউরা কাপের ফাইনালে রেকর্ড ১১ উইকেট নিয়েছিলেন, বেলেরিভ ওভালের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকটিও তাঁর। ক্যারিয়ারের শেষ দিকে ফিরে যান কুইন্সল্যান্ডে। ২০০৭ সালে অবসর নেন মাত্র ৩১ বছর বয়সে।