দুই দলের সামনেই সুযোগ ছিল। শেষ পর্যন্ত নৌবাহিনী দাবা দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলো শেখ রাসেল স্মৃতি স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলতে এসেই শিরোপা জয়!
কাল শেষ রাউন্ডে দুই দলই জিতেছে। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে দুই দলেরই পয়েন্ট ১৫। কিন্তু গেম পয়েন্ট সমান হওয়ায় শিরোপার নিষ্পত্তি হয়েছে ম্যাচ পয়েন্টে। তিতাস ক্লাবের বিপক্ষে চার বোর্ডের সব কটিতেই জিতেছে শেখ রাসেল। নৌবাহিনী চার বোর্ডের তিনটিতে জিতেছে। হেরেছেন শুধু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এবারই অবনমিত হয়ে যাওয়া লিওনাইনের ফিদে মাস্টার আবদুল মালেকের কাছে রাজীবের হারের চড়া দামেই নৌবাহিনী হলো রানার্সআপ।
প্রথম বিভাগের দল সৃজন চেস ক্লাবের স্বত্ব কিনে এবার প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে শেখ রাসেল। কাল চ্যাম্পিয়ন হওয়ার পর এই ক্লাবের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বলছিলেন, ‘আমরা যে চ্যাম্পিয়ন হব, সেটা দল গড়ার শুরু থেকে একদম ভাবিনি। তবে আমি যোগ দেওয়ার পর সম্ভাবনা বেড়ে যায়। আমি চাইব ক্লাবটি যেন নিয়মিত দাবা খেলে এবং মোহামেডানের মতো বড় ক্লাব আবারও খেলায় ফেরে। তাহলে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে দাবাতে।’ নিয়াজ মোরশেদ ছাড়াও শেখ রাসেলে খেলেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ, বাংলাদেশের মেহেদী হাসান পরাগ ও ফাহাদ রহমান।
বড় একটা পরিকল্পনা আছে ক্লাবটির সভাপতি মজিবুর রহমান হাওলাদারের, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল শেখ রাসেলের নামে কিছু একটা করব। এখানে চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকব না, সারা দেশের স্কুলগুলোকে নিয়ে একটা দাবা টুর্নামেন্ট করতে চাই।’
এবারের লিগে অংশ না নেওয়ায় অবনমন হয়েছে মোহামেডানের।