এসেই বাজিমাত আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগে স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ পর্বেই বিদায়ে আবাহনী ডুবে গিয়েছিল শোকে। ওটা কিছুটা হলেও কাল ঘোচাতে পারল আবাহনীর মেয়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর মহিলা ফুটবলের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে তারা ৩-১ গোলে হারিয়ে জিতল শিরোপা।গত বছর মহিলা ফুটবলে দলই গড়েনি আবাহনী। কিন্তু প্রথমবারের মতো অংশ নিয়েই ট্রফিটা নিয়ে গেল ঘরে। এই কৃতিত্বের অনেকটাই দাবিদার অম্রা চিং মারমা। গত বছর শেখ জামালের হয়ে খেলা জাতীয় দলের স্ট্রাইকার এবার ৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ২৯ গোল!মোহামেডানের সবচেয়ে বড় শক্তি জাতীয় দলের আরেক স্ট্রাইকার সাবিনা খাতুন। অম্রার সঙ্গে পাল্লা দিয়ে ২৮ গোল করেছিলেন সাবিনাও। কিন্তু কাল পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন সাতক্ষীরার মেয়ে। আর সাবিনা পারেননি বলে ম্যাচটাও নিজেদের করে নিতে পারেনি মোহামেডান। সারাক্ষণ সাবিনাকে একরকম বোতলবন্দীই করে রেখেছিলেন আবাহনীর শারমিন। অবশ্য সাবিনা পুরো ফিটও ছিলেন না। সেমিফাইনালের পর থেকে গত তিন দিন ভুগেছেন পানিশূন্যতায়। সঙ্গে জ্বরও ছিল। কোচ আলফাজ প্রথমে তাঁকে সেরা একাদশেই রাখতে চাননি। বলতে গেলে জোর করেই খেলেছেন। কিন্তু আসল সময়ে দলের সহায় হতে পারেননি। ম্যাচ শেষে সাবিনার আক্ষেপ, ‘আমার কাছ থেকে দল যেটা আশা করেছিল সেটা খেলতে পারিনি। এ জন্য দুঃখিত।’ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে আবাহনী। ফলও পেয়েছে হাতেনাতেই। ৩ মিনিটেই মোহামেডানের রক্ষণের ভুলে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক মলির মাথার ওপর দিয়ে অম্রা বল তুলে দেন জালে (১-০)। ২২ মিনিটে লিজুর গোলে খেলায় ফেরার চেষ্টা করে মোহামেডান (১-১)। কিন্তু ৩৫ মিনিটে সুরাইয়ার গোলে আবারও এগিয়ে যায় আবাহনী (২-১)। দ্বিতীয়ার্ধে গোটা মোহামেডান দলই যেন দাঁড়িয়ে যায়। সেই সুযোগে ৭৫ মিনিটে ৩-১ করেন আবাহনীর অধিনায়ক সুইনু প্রু।গত বছর শেখ জামালের কাছে ফাইনালে হেরেছিল মোহামেডান। এবারও রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সাদা-কালোদের। কোচ আলফাজ আহমেদ খুবই হতাশ, ‘আমাদের একটা বাজে দিন গেল।’ আর আবাহনী কোচ নুরুজ্জামান নয়ন এই জয়ের কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘আরামবাগের বিপক্ষে সেমিফাইনালের ভুলগুলো নিয়ে কাজ করেছি। সবাই আজ আমার কথা অনুযায়ী খেলেছে।’লিগের সেরা খেলোয়াড় মোহামেডানের সাবিনা খাতুন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আবাহনীর অম্রা চিং মারমা। আর ফেয়ার প্লের ট্রফি উঠেছে আরামবাগের হাতে। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন আবাহনী পেয়েছে ৫০ হাজার টাকা, রানার্সআপ মোহামেডান ৩০ হাজার।