এসেই লিওনার্দো চাইলেন কাকাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর খেলেছেন এসি মিলানে। ২০০৯ সালে এই এসি মিলানের হয়েই বড় কোনো ক্লাবে তাঁর কোচিং ক্যারিয়ার শুরু। এই লিওনার্দোই একদিন শত্রুশিবির ইন্টার মিলানের ঘরে গিয়ে উঠবেন এটা ছিল ভাবনারও অতীত। কিন্তু এটাই এখন বাস্তবতা। মাত্র ৬ মাসেই বেনিতেজ-অধ্যায় শেষে ইন্টার মিলানে সূচনা হলো লিওনার্দো-যুগের।বেনিতেজের বরখাস্তের পর গত শুক্রবারই চুক্তিপত্রে সই করে ইন্টার মিলানের হয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। এসি মিলানের সাবেক কোচ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ২৯ ডিসেম্বর থেকে। কাজ শুরু না করতেই নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা জানিয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। বিশেষ একজনকে টার্গেটও করে ফেলেছেন লিওনার্দো। ব্রাজিলিয়ান বলেই তাঁর পছন্দটা ব্রাজিলকেন্দ্রিক। কোরিয়েরে দেল্লো স্পোর্ত-এর খবর, লিওনার্দো দায়িত্বের শুরুতেই সান সিরোতে নিয়ে আসতে চান তাঁর স্বদেশি কাকাকে।লিওনার্দোর শত্রুপক্ষ ইন্টারের দায়িত্ব নেওয়াটাই এসি মিলান ভালোভাবে নেয়নি। এখন কাকাকে সান সিরোতে নিয়ে গেলে শেষে লিওনার্দো না আবার এসি মিলান সমর্থকদের ঘৃণার লক্ষ্যবস্তু হন! কাকা লিওনার্দোর পছন্দ। ওদিকে আরেক ব্রাজিলিয়ান লুইস ফ্যাবিয়ানো সেভিয়া থেকে নিজেই চলে আসতে চাইছেন ইন্টারে। লিওনার্দোকে দায়িত্ব নিতে দেখে ইতিমধ্যে নাকি ইন্টারের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। ফ্যাবিয়ানোর এজেন্ট তো বলেই দিয়েছেন, ‘ইন্টার এবং লিওর সঙ্গে যোগ দিতে পারলে আমরা খুশিই হব।’শুধু এই দুজনই নয়, গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর খবর, জেনোয়ার সেন্টার ব্যাক আন্দ্রেয়া রানোচ্চিয়াও জানুয়ারিতেই যোগ দিতে পারে ইন্টারে। এ ছাড়া লিওনার্দোর পরিকল্পনায় আছেন উদিনিসের তরুণ ফুটবলার অ্যালেক্সিস সানচেজও। দায়িত্ব নিয়েই খেলোয়াড় কেনার দিকে ঝুঁকে পড়েছেন লিওনার্দো। অথচ ৬ মাস দায়িত্ব পালনকালে কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও দলে একজনও নতুন খেলোয়াড় নিতে পারেননি বেনিতেজ। শেষে তো ক্লাব বিশ্বকাপ জয়ের পরও হতে হলো বরখাস্ত।ইন্টারের সঙ্গে লিওনার্দোর চুক্তিটা হয়েছে দেড় বছরের, মানে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত। বাৎসরিক বেতন ২৫ লাখ ইউরো। এসি মিলানের দায়িত্ব নিয়েছিলেন ২০০৯ সালে। ব্যর্থতার কারণে এ বছরই তাঁকে বরখাস্ত করে মিলান। সেই লিওনার্দোর ওপরই আস্থা রাখল ইন্টার মিলান। ইতিহাসের পঞ্চম ব্যক্তি হিসেবে দুই মিলানের কোচ হওয়ার কীর্তি গড়লেন লিওনার্দো। ওয়েবসাইট।