এসেক্সের কাছে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের পরিণতি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। তিন দিনে ম্যাচে হারার দুঃসাধ্য কাজটি কাল ‘সফল’ভাবেই করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এসেক্সের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে ৫ উইকেটে।৬ উইকেটে ১৪৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ কাল প্রথম ওভারেই হারায় শফিউল ইসলামকে। প্রথম ইনিংসের মতো এবারও বাংলাদেশ দুই শ পেরোয় শেষ উইকেট জুটির দৃঢ়তায়। নয় নম্বরে নামা নাঈম ইসলাম ও শাহাদত দ্রুত ফিরে গেলে ১৬৫ রানেই ৯ উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন আবদুর রাজ্জাক ও রবিউল ইসলাম। ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা এসেক্সকে অবশ্য যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশের বোলাররা। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য এক জয়ের আশাও জাগিয়েছিলেন তাঁরা। যদিও অধিনায়ক গ্রান্ট ফ্লাওয়ার ও অ্যাডাম হোয়েটারের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয়ই পেয়েছে এসেক্স। ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে দুই ইনিংসেই আশরাফুলের ফিফটি ও রবিউলের ছয় উইকেট। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৩১ ও দ্বিতীয় ইনিংস ৪৫.২ ওভারে ২১১ (আশরাফুল ৬১, জুনায়েদ ৩৪, শাহাদাত ২৩, রাজ্জাক ২৩, রবিউল ১৭; ওসবোর্ন ৩/৩৫, পালাদিনো ৩/৭৫, কোম্বার ২/৩৪, চেম্বার্স ২/৫১), এসেক্স: ৩১৩ ও দ্বিতীয় ৪৩.২ ওভারে ১৩০/৫ (ফ্লাওয়ার ৩৪*, ফিলিপস ২১, গডলেম্যান ২০, হোয়েটার ১৯*; রবিউল ২/৩৩, শফিউল ১/৫, রাজ্জাক ১/২২, শাহাদাত ১/২৭)।