ঐ নূতনের কেতন ওড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষ আটে পৌঁছে খুব বর্ণিল হয়ে উঠেছে। অন্যতম কারণ, নতুনের কেতন উড়ছে। নতুন দল ঘানা উঠল আফ্রিকা থেকে। কফি আনানকে তাঁর পছন্দের দল কোনটি জিজ্ঞেস করা হলে বলেছিলেন, তিনি ঘানার লোক, ঘানা জিতলেই সবচেয়ে বেশি খুশি হবেন। ঘানার সঙ্গে জাপানও উঠতে পারলে কালো, সাদা, বাদামি রঙের সমাহার হতো। (অবশ্য জাপানিদের ঠিক বাদামি বলা যায় না, যে রকম স্প্যানিশদের বলা যায় না জাতসাদা।) ঘানার সঙ্গে খেলা পড়েছে উরুগুয়ের, যে উরুগুয়ে ১৯৫০ সালে বিশ্বকাপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে তারপর হারিয়ে গিয়েছিল প্রায়। সে জন্য তাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো একটা নতুন দেশেরই আগমন বলা যায়। প্যারাগুয়েও এ পর্যায়ে প্রথম ঢুকল। লাতিন আমেরিকার পাঁচটি দলের মধ্যে কেবল চিলি পঞ্চম ম্যাচ পর্যন্ত যেতে পারল না। তাও তাদের মহাদেশীয় ভাই ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার পর।অন্যদিকে, ইউরোপ থেকে যে তিনটি দল উঠল জার্মানি, স্পেন ও হল্যান্ড; তাদের মধ্যে কোয়ার্টার ফাইনালে ওঠা জার্মানির নিত্য অভ্যাস হলেও বাকি দুটো দলের সে কৌলীন্য নেই।ফুটবল-বিশ্ব এখন উত্তেজনার জ্বরে কাঁপছে জার্মানি আর আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনালে কী ফল হয়, তা-ই নিয়ে। ফেসবুকে এক আর্জেন্টিনা-বিদ্বেষী বন্ধু লিখেছেন, তিনি সেদিনের অপেক্ষায় আছেন, যেদিন আর্জেন্টিনা পরাজিত হবে এবং ম্যারাডোনা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়বেন! কালকেও ইয়াহু ডট কমের একজন সাংবাদিক লিখেছেন, তাঁরা সবাই ম্যারাডোনার বিশ্বকাপের মৌতাতে আছেন। স্পটলাইট সব সময় ম্যারাডোনার ওপর। মেক্সিকোকে হারানোর পর আর্জেন্টিনার কোচ নাকি সাংবাদিকদের বলেছেন, ‘কোচ হওয়াতে তাঁর ভারি অসুবিধা হয়েছে, ডাগ-আউটে বসে খিস্তি আউড়াতে পারেন না।’ সংবাদ সম্মেলন কক্ষে প্রদর্শনী বস্তু হিসেবে মাইকের ঠিক পাশে স্ট্যান্ডের ওপর একটা জাবুলানি বল বসানো থাকে। ম্যারাডোনা কথা শেষ করে চলে যাওয়ার সময় তাঁর ঈশ্বরের হাত দিয়ে অনায়াসে বলটি টুক করে তুলে নিয়ে চলে গেলেন। তার পরদিন খবর হলো: ‘ম্যারাডোনা স্টোল দ্য ওয়ার্ল্ড কাপ!’আর্জেন্টিনা চলে যাওয়া মানে ম্যারাডোনার চলে যাওয়া! হোক না তিনি এখন মাঠের বাইরে। একবার ঝড় তোলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ভিক্টর ট্র্যাম্পারকে (১৮৭৭-১৯১৫) শূন্য রানে আউট করার পর বোলার ড্রেসিংরুমে ফিরলে দলের ম্যানেজার তাঁকে বললেন, ইয়াং ম্যান, কাজটা খুব ভালো করেছ, কিন্তু জেনে রাখো স্টেডিয়ামের এত দর্শক এসেছে তোমার বোলিং কৃতিত্ব দেখার জন্য নয়, ওর ব্যাটিংয়ের ভেল্কিবাজি দেখতে। আর্জেন্টিনা হয়তো ঝলসে উঠবে, কিন্তু তাদের রক্ষণভাগের দুর্বলতা মেক্সিকোর বিরুদ্ধেও চোখে পড়ল। শেষ পনেরো মিনিট মেসি নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন কারণ মাঝমাঠ থেকে তাঁর কাছে বল যাচ্ছিল না। বুড়ো ভেরন এ কাজটা করতে পারছিলেন না। পরে তাঁকে বদলে পাস্তুরকে নিয়ে আসা মাত্র মেসি একটা দুর্দান্ত পাস পেলেন, সেটি তিনি গোলমুখে জোরালো মারলেনও, কিন্তু হলো না। টিভির ধারাভাষ্যকারও তখন মেসির এই কিছুতেই গোল না পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ না করে পারলেন না।অপরদিকে দুঙ্গা যে কাজটি করেছেন, ম্যারাডোনা মনে হয় তা করেননি। ব্রাজিলের সাম্বা ছন্দের খেলাটা হলো বল যেখানেই থাকুক না কেন তিন থেকে চারজন খেলোয়াড় সেখানে থেকে ছোট ছোট পাসে বল আদান-প্রদান করবে। একজন একটা বল নিয়ে দৌড়াবে, জার্মানি-ইংল্যান্ড তথা ইউরোপীয় ঘরানার যেটি ধরন, সেটি ব্রাজিলের খেলা নয়। যেমন সেদিন চিলির বিরুদ্ধে মাইকনের করা কর্নার থেকে জুয়ান যখন প্রথম গোলটি হেড দিয়ে করলেন তখন তাঁর পাশে বলে মাথা ছোঁয়াতে আরেকজন যিনি ভেসে উঠেছিলেন তিনি চিলির কেউ নন, জুয়ানেরই সতীর্থ ফ্যাবিয়ানো। জুয়ানের সঙ্গে লাফ দিয়েছিলেন আরও একজন হলুদ শার্ট। ব্রাজিলের এ গুচ্ছরীতির খেলা পেলের ১৯৭০-এর মহান দলে যেমন ছিল, তেমনি ছিল সান্তানা/জিকোর ১৯৮২-এর দলেও। এবং ইউরোপীয় ঘরানার ফুটবল পছন্দকারী দুঙ্গাও এ শৈল্পিক প্যাটার্নটা বর্জন করেননি। কিন্তু তিনি যেন ব্রাজিলের রক্ষণভাগের মধ্যে একটা আস্ত পেশিবহুল রান (ঊরু) গ্রাফট (সংযোজন) করে দিয়েছেন। রানটি হচ্ছেন লুসিও নামক মানব-পর্বতটি। এ রক্ষণভাগকে শক্তিশালী করার ব্যাপারে আগের ব্রাজিলের কোচরা ইতস্তত করতেন। ভাবতেন বুঝি এতে সাম্বা ফুটবলের ছন্দ বিনষ্ট হবে। কিন্তু স্যার ম্যারাডোনা দাবার ‘আলেকজান্ডার’ রাশিয়ান গ্র্যান্ডমাস্টার মিখাইল তালের রীতিতে ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স’ স্টাইলে বিশ্বাসী। তাই তিনি ডেমিকেলিস নামক খেইহারা যুবকটিকেই হয়তো খেলাবেন। আশা করি, ওয়াল্টার স্যামুয়েল ভালো হয়ে ফিরবেন তত দিনে। আর আর্জেন্টিনা ম্যারাডোনার জন্য হলেও জার্মানির বিরুদ্ধে শনিবারে জিতবে!