একের পর এক সভা। সমঝোতার আলোচনা। দাবা ফেডারেশনের নির্বাচন ভালোই সাড়া ফেলেছে। ক্ষণে ক্ষণে রং বদলে পাল্টে যাচ্ছে নির্বাচনী সমীকরণও। জাতীয় ক্রীড়া পরিষদের বারান্দা এবং দাবা ফেডারেশনের অফিস চত্বরে কাল দিনভরই দাবা-সংশ্লিষ্টদের উৎসুক জিজ্ঞাসা—কী ঘটছে এই নির্বাচনে? একটা উত্তর পাওয়া গেছে পরশু রাতে। নাটকীয়ভাবে দাবাড়ুরা ‘এক’ হওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে নির্বাচনে। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে দূরত্ব ঘুচে গেছে তিন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানও আছেন তাঁদের সঙ্গে। নির্বাচনে কী হবে, সেটা পরের ব্যাপার। তবে বিভক্ত দাবাড়ুদের ঐক্যবদ্ধ হওয়াটাকে দেশের দাবার জন্য সুখবরই বলতে হবে।নিয়াজ মোরশেদের চোখে, ‘এটা ভালো এবং পজিটিভ।’ একই সঙ্গে প্রশ্নও রাখছেন নির্বাচন-প্রভাবক বিতর্কিত জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের কর্মকাণ্ড নিয়ে, ‘শুনেছি, ফোরাম আলাদা প্যানেল দিচ্ছে। কার জন্য দিচ্ছে? পরিষদ দিয়ে কার ভালো করতে চায়? যদি খেলোয়াড়দের ভালো করতে চায় তাহলে আলাদা পরিষদ কেন করছে?’গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কাছে এই ঐক্য ‘দীর্ঘ প্রতীক্ষিত’। তিনি বললেন, ‘এটা দাবার জন্য বিরাট সুখবর। ঐক্যটা ধরে রাখতে হবে এবং সবাই এক হওয়ায় আবার সবকিছু সুন্দরভাবে চলবে।’ রিফাত খুশি, ‘এখনই চূড়ান্ত কথা বলা যাবে না। তবে এটা ঠিক, খেলোয়াড়দের ঐক্য দেশের দাবার জন্য খুবই ভালো খবর।’খেলোয়াড়দের পরিষদে সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার কায়েস হাসান, জ্যেষ্ঠ সহসভাপতি পদে নিয়াজ। কালই মনোনয়নপত্র জমা দিয়ে দিতেন তাঁরা। কিন্তু হরতালের কারণে সেটি পিছিয়ে গেছে শনিবারে।দাবাড়ুদের ঐক্যে সবাই খুশি, এমন বলা যাচ্ছে না। কারণ এটিকে মর্যাদার লড়াই হিসেবে নিয়েছে ফোরাম। ভোলার কাউন্সিলর সাইফুল তারেককে সাধারণ সম্পাদক করে একটা পরিষদ দাঁড় করানোর চেষ্টাও চলছে। বিদায়ী সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন সহসভাপতি পদপ্রার্থী। মোকাদ্দেস পড়ে গেছেন বিপাকে। শেষ চেষ্টা হিসেবে তিনি নিয়াজকে সাধারণ সম্পাদক পদ দিয়ে একটা পরিষদ করার চেষ্টা চালিয়েছেন কাল। এই প্রতিবেদককে বললেন, ‘দেখি কী করা যায়। নির্বাচনে শেষ কথা বলে কিছু নেই। খেলোয়াড়েরা এক হওয়া মানেই তো আর নিশ্চিত জয় নয়।’আসলেই তাই। খেলোয়াড়েরা ঐক্যবদ্ধ হওয়া মানেই অবধারিত জয় ভাবার কারণ নেই। কাগজে-কলমে দাবার নির্বাচনে ভোট ১১৭টি। কিশোরগঞ্জ বাদে ৬৩ জেলাই ভোটার। সঙ্গে ৭টি বিভাগীয় ভোট। অবশ্য জেলার ভোটের মধ্যে অন্তত কুড়িজন খেলোয়াড় আছেন। যাঁদের গ্র্যান্ডমাস্টারদের সঙ্গেই থাকার কথা। এ জায়গাটায় বড় আশা দেখছেন খেলোয়াড়েরা। কাল সন্ধ্যায় খেলোয়াড়দের পক্ষ থেকে রিফাতের নেতৃত্বে একদল দাবাড়ু দেখা করেন ফেরাম নেতাদের সঙ্গে। তাঁরা ফোরামের সহযোগিতা ও সমর্থন চান বলে জানিয়েছেন ওই দাবাড়ুদের একজন তৈয়বুর রহমান। খেলাটা তো শুধু ঢাকার নয়, সারা দেশের। কাজেই খেলোয়াড়েরা যতই এক হোন, জেলার সমর্থন লাগছেই।এ কথাটাই কাল বারবার দাবি করলেন ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। তাঁর কথা, ‘যে যা-ই করুক, জেলার কাছে আসতেই হবে।’ কিন্তু খেলোয়াড়েরা ঐক্যবদ্ধ হওয়ার পর ফোরাম কেন আলাদা পরিষদ করতে যাচ্ছে? তাঁর জবাব, ‘জেলার লোকেরা যাবে কোথায়?’