ঐক্যের গান গাইলেন স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন। একসময় দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট-বিশ্ব শাসন করা নৃপতি। সেই সুদিন নেই। তার পরও ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামের পাশে ‘আন্ডারডগ’ শুনলে, কেমন জানি অস্বস্তিই হয়।ক্রিকেট রোমান্টিকদের জন্য সেই অস্বস্তি আরও বেশি। তবে দ্বিধার ধুলোটুকু ঝেড়ে ফেলতে পারেন নির্দ্বিধায়। ওয়েস্ট ইন্ডিজ যে নিজেই নিজেদের বলছে, ‘আমরা আন্ডারডগ’।তার মানে কিন্তু এই নয়, রিংয়ে নামার আগেই আত্মসমর্পণ করে বসছে সাবেক রাজা। বরং ক্রিস গেইল জানালেন, ‘আমরা আন্ডারডগ, কিন্তু আমরা সেই দল হতে চাই, যারা অঘটন ঘটিয়ে বড় দলগুলোকে হারাতে পারে। আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।’অনেক দিন ধরে সাফল্যের তৃষ্ণায় চাতক পাখির মতো তাকিয়ে থাকা ক্রিকেটপ্রেমী ক্যারিবীয়দের জন্য এবার একটা উপহার নিয়ে ফিরতে চান গেইলরা, ‘আমাদের ওপর সমর্থকদের অনেক আশা। তাদের জন্য আমরা সবটুকু নিংড়ে দিতে রাজি।’ ৩১ বছর বয়সী এমনও ইঙ্গিত দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ, ‘এটা আমার তৃতীয় বিশ্বকাপ। আমি এটাকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবেই দেখছি।’গেইলের হিসাবের সঙ্গে স্বাভাবিকভাবেই সংঘাত দেখা দিচ্ছে বাংলাদেশের পরিকল্পনায়। কারণ হল্যান্ড-আয়ারল্যান্ডের পাশাপাশি আরও দুই দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে ছক বাংলাদেশ এঁকেছে, তাতে প্রথম পছন্দ হিসেবে ওয়েস্ট ইন্ডিজেরই নাম। ওয়ানডেতে আট হাজার থেকে মাত্র ৮৩ রান দূরে থাকা গেইল আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, বাংলাদেশের কাজটা সহজ হবে না মোটেও।বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু করছেন গেইলরা। কাল কেনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। অবশ্য শ্রীলঙ্কায় তাঁরা অনেক দিন থেকেই আছেন। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সময়টা তাদের একদমই ভালো যাচ্ছে না। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নেমে গেছে নয়ে। ২০০৭ বিশ্বকাপের পর একের পর এক আঘাত। অনেক পরিবর্তন।সেই পরিবর্তনের ধারায় গেইল নিজেও অধিনায়কত্ব হারিয়েছেন। তবে নতুন অধিনায়ক ড্যারেন স্যামি কাল কলম্বোর সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, দলে কোনো অনৈক্য নেই, ‘গত কয়েক মাসে আমাদের কঠিন সময় গেছে ঠিকই। কিন্তু আমরা সেসব পেছনে ফেলে এসেছি। দলের সিনিয়র-জুনিয়র সবাই এককাট্টা। আমরা টুর্নামেন্টে জিততেই এসেছি। এটা আমার প্রথম বিশ্বকাপ। দলের অনেকেরও তাই। তবে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনার যে সুযোগ পেয়েছি, তাতে আমি রোমাঞ্চিত।’ এএফপি।