ঐতিহাসিক দিনে জোড়া অঘটন
টেনিসে ঐতিহাসিক একটা দিন ছিল গত শুক্রবার। ১৯৭৩ সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম একটা টুর্নামেন্টের শেষ আটে খেললেন র্যাঙ্কিংয়ের শীর্ষ আট তারকা। তবে মন্ট্রিয়ল মাস্টার্স টেনিসে দিনটাকে সাফল্যের রঙে রাঙাতে পারলেন না শীর্ষ দুই তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। হেরে গেছেন নিজ নিজ খেলায়। সপ্তম বাছাই ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা ৭-৬ (৭/৫), ১-৬, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই ফেদেরারকে। আর দ্বিতীয় বাছাই ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদালকে হারিয়েছেন ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রো, ৭-৬ (৭/৫), ৬-১ গেমে। অন্য দুটি কোয়ার্টার ফাইনাল জিতেছেন তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে ও পঞ্চম বাছাই আমেরিকার অ্যান্ডি রডিক। মারে ৬-২, ৬-৪ গেমে অষ্টম বাছাই রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে এবং রডিক ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে চতুর্থ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়েছেন। সেমিফাইনালে রডিক দেল পোত্রোর এবং মারে সোঙ্গার মুখোমুখি হবেন।এদিকে ডব্লুটিএ সিনসিনাটি টুর্নামেন্ট দিয়ে দু বছরের অবসর ভেঙে কোর্টে ফেরা কিম ক্লাইস্টার্সের স্বপ্ন-যাত্রায় ছেদ টেনেছেন রাশিয়ার দিনারা সাফিনা। এক নম্বর তারকা দিনারা পরশু কোয়ার্টার ফাইনালে ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন এই বেলজিয়ানকে। আগের দিন এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন উইলিয়ামস বোনেরা—ভেনাস ও সেরেনা। এএফপি।