ঐতিহ্য আর আত্মবিশ্বাসের লড়াই
প্যাট্রিক ভিয়েরার সঙ্গে একমত হওয়ার মতো লোক এ মুহূর্তে খুব বেশি পাওয়া যাবে না। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার দুঃখ মুছে সাবেক ফরাসি অধিনায়ক কাল বলেছেন, কেউ পাত্তা দিতে না চাইলেও শিরোপা জয়ের সামর্থ্য ঠিকই আছে ফ্রান্সের। ভিয়েরার ফুটবল-প্রজ্ঞা নিয়ে প্রশ্ন কেউ তুলবে না, তবে ফ্রান্সের পারফরম্যান্সে শিরোপাজয়ী দলের ইঙ্গিত কোথায়! শিরোপা তো বহুদূর, আজ কেপটাউনে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই তো পরিষ্কার ফেবারিট বলা যাচ্ছে না রেমন্ড ডমেনেখের দলকে!ফুটবল-ঐতিহ্যে দুই দলই দাঁড়িয়ে প্রায় এক কাতারে, কিন্তু উরুগুয়ের সোনালি সময় হারিয়ে গেছে তো সেই কবেই। ফুটবলীয় শক্তিতে দুই দলের তুলনাই হয় না দীর্ঘদিন, ফ্রান্স সেখানে পরিষ্কার ব্যবধানে এগিয়ে। কিন্তু দিনদুয়েক আগে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ যে কোনো রাখঢাক না রেখেই বললেন ‘লক্ষ্য ফ্রান্সকে হারানো’, এটা শুনেও কিন্তু কেউ মুখ টিপে হাসছে না। ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্স যে বলছে—এটা খুবই সম্ভব।বাছাইপর্ব উতরাতে হয়েছে প্লে-অফ খেলে, চরম হতাশাজনক প্রস্তুতি ম্যাচের ফলাফলগুলোও। সর্বশেষ ম্যাচে হারতে হয়েছে এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ না পাওয়া চীনের কাছে, এর আগের ম্যাচটাতেই ড্র করেছে তারা আফ্রিকা থেকে বাছাইপর্ব পেরোতো না পারা তিউনিশিয়ার সঙ্গে। কোচ ডমেনেখ এখনো দলের ফরমেশনটাই ঠিক করতে পারেননি। গত বিশ্বকাপে ৪-৪-২ ফরমেশনে শুরু করে ব্যর্থ হওয়ার পর ৪-২-৩-১ ফরমেশনে গিয়ে রানার্সআপ হয়েছিল ‘ব্লু’রা। এবারও একই ফরমেশন বেছে নিতে পারেন ডমেনেখ, প্রস্তুতি ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলার ফলটা তো হাতেনাতেই পেয়েছেন। উরুগুয়ে আত্মবিশ্বাসে রীতিমতো টগবগ করে ফুটছে। ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তারা ব্রাজিল-আর্জেন্টিনার পরেই। অধিনায়ক ডিয়েগো লুগানো বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে নামছি আমরা সেরা ফর্মে থেকে।’ আত্মবিশ্বাস এতটাই যে কালই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছেন কোচ। সবচেয়ে বড় শক্তির জায়গা আক্রমণভাগ। দুবারের ইউরোপীয় গোল্ডেন বুট জেতানো ডিয়েগো ফোরলানের সঙ্গে জুটি বাঁধবেন আয়াক্সের হয়ে এ মৌসুমে ৪৯ গোল করা লুইস সুয়ারেজ।তবে নামেরও তো একটা ওজন আছে। সেটা যদি রিবেরি, মালুদাদের জাগিয়ে তোলে, তাহলে ফ্রান্সকে আটকানো আবার কঠিন হবে। দেখা যাক, আজ বড় দলের ওজন ও আত্মবিশ্বাসের লড়াইয়ে কে জেতে!চোখ রাখুনফ্রাঙ্ক রিবেরিক্যারিয়ারের শুরু থেকেই জিনেদিন জিদানের উত্তরসূরির ছাপ লেগে আছে গায়ে। জিদানের পাশে গত বিশ্বকাপে ফ্রাঙ্ক রিবেরি খেলেছেনও দারুণ। দুর্দান্ত ফর্মে আছেন বায়ার্ন মিউনিখের হয়েও। তবে আসল পরীক্ষা বিশ্বকাপে, পাশে যে জিদান নেই! ফ্রান্সকে এবার কিছু করতে হলে জ্বলে উঠতেই হবে রিবেরিকে।ডিয়েগো ফোরলানবিশ্বসেরা স্ট্রাইকারের কাতারে ডিয়েগো ফোরলানকে রাখবেন না অনেকেই, কিন্তু গোল করায় কম যান না তিনি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুবার, দুবার জিতেছেন ইউরোপীয় সোনার বুট। এ মৌসুমেও করেছেন ২৮ গোল। বাবা পাবলোর দুটি বিশ্বকাপ খেলার কীর্তি ছোঁয়ার আজকের দিনটিকে নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন ফোরলান!