ঐতিহ্য বনাম শক্তি। নীল বনাম সাদা-কালো। বিদেশি বনাম বিদেশি। এমিলি বনাম রজনী।এই হলো মোহামেডান-শেখ রাসেল সেমিফাইনালের লড়াইয়ের চৌম্বক অংশ। দুই দলের কাছে এটি ফেডারেশন কাপের ফাইনালে ওঠার ম্যাচ। শেখ রাসেল আগে কখনো ফেড কাপের ফাইনালই খেলতে পারেনি। মৌসুম সূচক এই টুর্নামেন্টের ২৩টি ফাইনালের ১৪টিতে খেলেছে মোহামেডান। ১০ বার চ্যাম্পিয়ন। এখানে মোহামেডানের কাছে শেখ রাসেল ‘দুধের শিশু’!দাঁড়ান, ভুলেও ‘দুধের শিশু’ বলবেন না। ওসবই কাগজের হিসাব। এই ফেড কাপের গ্রুপ পর্বেই মোহামেডানকে স্পষ্ট আধিপত্যে হারিয়েছে শেখ রাসেল (২-০)। সেটি শেখ রাসেলের জন্য আজ হচ্ছে বাড়তি প্রেরণা। তবে পরক্ষণেই তাদের সামনে অদৃশ্য দেয়াল তুলে দাঁড়ায় ইতিহাস। পেশাদার লিগে ১০ বারের সাক্ষাতে মোহামেডান চারবার জিতেছে, রাসেল দুবার—এই তথ্য রাসেলকে মানসিকভাবে একটু পিছিয়ে তো রাখেই।কিন্তু অতীত নিয়ে কে ঘাঁটাঘাঁটি করে! সবারই বসবাস বর্তমানে। যেখানে দলীয় শক্তিতে মোহামেডানের চেয়ে এগিয়ে রাসেল। এটা ঠিক, শেখ রাসেল নিজেদের ইতিহাসের একমাত্র ফাইনালটা গতবারই খেলেছে। যদিও ফরাশগঞ্জের কাছে হেরে স্বাধীনতা কাপটা ঘরে তুলতে পারেনি। তাদের সেই দুঃখ ভোলার পালা কি এবার ফেডারেশন কাপেই?বিদেশি খেলোয়াড়েরাই সাফল্যের নিয়ামক হলে শেখ রাসেল এগিয়ে থাকে। তাদের বিদেশি খেলোয়াড় সংগ্রহ খুব ভালো। শক্তিশালী আক্রমণভাগ গোল পাচ্ছে। চার ম্যাচে গোল ১৪টি। মোহামেডানও অবশ্য কম যায়নি। চার ম্যাচে ৯ গোল। এই জায়গায় দুই দলই হয়তো কাছাকাছি। তবে রাসেলের আক্রমণভাগ নিয়েই বড় চিন্তা মোহামেডানের।চিন্তা! কাল কাছাকাছি সময়ে দুই দলের বুয়েট মাঠে অনুশীলন করার সময়ে চিন্তাটিন্তা কিছু অবশ্য দেখা বোঝা গেল না কোনো শিবিরেই। সাফল্যবুভুক্ষু মোহামেডান নতুন আশায় বুক বাঁধছে। নতুন দুই বিদেশি মোস্তফা আর মরিসন আসায় দলের শক্তি বেড়েছে। উইং প্লেটাও মোহামেডানের শক্তির একটা দিক। মোবারক, সোহেল রানা, শফিকুল—এই তিন উইঙ্গারই খেলছেন নিয়মিত। তবে মাঝেমধ্যে ‘টিম ডিফেন্ডিং’টা ঠিকভাবে হয়ে উঠছে না সাদা-কালোর। চার ম্যাচে ৪ গোল হজম সেটিই বলছে।তবে সাদা-কালো জার্সির একটা ওজন আছে। খেলোয়াড়েরা প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাচ জেতানোর মতো কয়েকজন খেলোয়াড় আছেন এই মোহামেডানে। বেনিনের স্ট্রাইকার ওয়াসিও ওলালেকান যেমন, একটি হ্যাটট্রিকও করে ফেলেছেন এরই মধ্যে।শেখ রাসেলের কোচ মারুফুল হক ওলালেকান প্রসঙ্গে কাল অনুশীলনের আগে বললেন, ‘ওলালেকান ভালো স্ট্রাইকার। ওকে আলাদা পাহারায় রাখব। ওদের নতুন দুজন বিদেশি আসায় শক্তি বেড়ে গেছে।’ শেষে মারুফ চিরন্তন সেই কথাই উচ্চারণ করলেন, ‘মোহামেডান নামেগুণেই অনেক বড়।’রাসেলের বড় শক্তি হাইতির মিডফিল্ডার সনি নর্দে, খুবই বিপজ্জনক। তাঁর সঙ্গে দুই মরোক্কান খেলোয়াড় কাশেম আর জানাবির বোঝাপড়াও ভালো। এই ত্রয়ীকে নিয়ে বেশ সতর্ক মোহামেডান কোচ সাইফুল বারী, ‘ওদের তিন বিদেশিই ভালো খেলছে। বিশেষ করে নর্দে খুবই বিপজ্জনক। আমার মূল লক্ষ্য থাকবে এঁদের ঠিকভাবে খেলতে না দেওয়া।’কিন্তু রাসেলের স্থানীয় খেলোয়াড়েরাও যে কম যান না। জাতীয় দলের আট-নয়জন খেলোয়াড় এই দলে, এমিলি-জাহিদ-মামুনুলদের বোঝাপড়া ভালো। রাসেলে পাসিং ফুটবলের ফুল ফোটানো এই খেলোয়াড়েরা টেম্পারামেন্ট, বুদ্ধিমত্তায় লেটার মার্কসই পাবেন। চার ম্যাচে এক হ্যাটট্রিকসহ পাঁচ গোল করা এমিলি নিজেকে ফিরে পেয়েছেন। তবে কাঁধে চোট পাওয়া উইঙ্গার জাহিদের আজ মাঠে নামা অনিশ্চিত।গতকাল ছিল শেখ রাসেলের ৪৯তম জন্মদিন। যাঁর নামে ক্লাব, এবার শিরোপা জিতে তাঁকে উৎসর্গ করতে পারবে শেখ রাসেল? নাকি শেষ পর্যন্ত ঐতিহ্যের ঝান্ডাই ওড়াবে মোহামেডান? আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারই প্রথম পরীক্ষার মঞ্চে দুই দল।