ঐতিহ্য বনাম নতুন ইতিহাস
উরুগুয়ে বিশ্ব জয়ের বরমাল্য পরেছে দুবার। বিশ্বকাপের ফাইনালে খেলেছে আরও দুবার। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বিশ্বকাপ সাফল্য ২০০২-এর সেমিফাইনাল।উরুগুয়ে থেকে দক্ষিণ কোরিয়ার দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। দূরত্বের মতো যোজন যোজন পার্থক্য দুই দেশের ফুটবল ইতিহাস আর ঐতিহ্যে। দুই দেশের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও তাই। ১৯৮২ সালে কলকাতায় প্রথম মুখোমুখি হয়েছিল উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া। সেই থেকে ৫টি ম্যাচ খেলেছে এই দুই দল। ৪টিতেই জিতেছে উরুগুয়ে, ১টি হয়েছে ড্র।পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে তারা একে অন্যকে পেছনে ফেলে শেষ আটের টিকিট পাওয়ার লড়াইয়ে।উরুগুয়ের সেই সোনালি দিন এখন আর নেই। ১৯৩০ ও ১৯৫০ বিশ্ব চ্যাম্পিয়নরা ’৭০-এর পর আর সেমিফাইনালেই উঠতে পারেনি। ১৯৯০ সালের পর আর উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে। এবারের বিশ্বকাপটাকে উরুগুয়ে নিয়েছে এই খরা কাটানোর উপলক্ষ হিসেবে। আজ সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় তারা। উরুগুয়ের অধিনায়ক লুগানো যেমন বলেছেন, ‘উরুগুয়ের ফুটবলের সেই সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিতে চাই আমরা। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেই পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের।’সোনালি অতীত তো আছেই, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে উরুগুয়ের প্রেরণা হয়ে আছে এই বিশ্বকাপেই দুর্দান্ত পারফরম্যান্স। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা, একটিতে পেয়েছে ড্র। এ পর্যন্ত কোনো গোল না খাওয়া তিনটি দেশের একটিও ডিয়েগো ফোরলানের দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মন ভরানো আক্রমণাত্মক ফুটবলও উপহার দিয়েছে উরুগুয়ে। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরও আক্রমণাত্মক খেলতে চায় তারা। ‘আমরা আরও আক্রমণাত্মক খেলতে চাই। আর আক্রমণাত্মক ফুটবল খেলার মতো একটি দল আমাদের আছে’—বলেছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তারা ব্রাজিল-আর্জেন্টিনার পরেই। দুবারের ইউরোপীয় গোল্ডেন বুট জেতা ডিয়েগো ফোরলানের সঙ্গে আক্রমণে জুটি বাঁধবেন আয়াক্সের হয়ে এ মৌসুমে ৪৯ গোল করা লুইস সুয়ারেজ। টগবগে আত্মবিশ্বাস তো ফোটারই কথা উরুগুয়ে কোচের।ইতিহাস-ঐতিহ্য নিয়ে ভাবনা-চিন্তা নেই দক্ষিণ কোরিয়া দলে। তা ছাড়া এর মধ্যেই একটি ইতিহাস গড়া হয়ে গেছে তাদের। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম দেশের বাইরের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা। এবার পাখির চোখ করেছে দেশের বাইরের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠাকে। সেই নতুন ইতিহাস গড়ার হাতছানিকে বরণ করে নেওয়ার প্রত্যয়ই এখন কোরিয়া দলে।‘নতুন একটা ইতিহাস লেখা সত্যিই দারুণ ব্যাপার হবে। আর সেটা লেখার সামর্থ্য আমাদের আছে। আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি তাহলে যেকোনো কিছুই সম্ভব’—বলেছেন দলের সবচেয়ে বড় তারকা পার্ক জি-সুং।