ঐতিহ্য ভাঙবে কাতার বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ সালে মধ্যপ্রাচ্যের প্রথম এবং আরব দেশেরও প্রথম বিশ্বকাপ আয়োজন করবে কাতার। কাতার উপহার দিতে পারে বিশ্বকাপের ইতিহাসে আরও একটি ‘প্রথম’। এই ২০২২ সালেই বিশ্বকাপ প্রথম জুন-জুলাই মাসের পরিবর্তে হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই ইঙ্গিতটি দিয়েছেন জার্মান কিংবদন্তি ও ফিফার নির্বাহী কমিটির সদস্য ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। কাতার বিশ্বকাপ আয়োজনে প্রার্থিতা জানানোর পর থেকেই প্রশ্নটা ওঠে জুন-জুলাই মাসের তপ্ত আবহাওয়ায় কেমন করে সেখানে বিশ্বকাপ হবে? ওই সময় দেশটিতে তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, উত্তপ্ত এই চুল্লিতে কি বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসর আয়োজন সম্ভব?কাতার বলেছে, প্রযুক্তির সহায়তায় ওই সময়ে স্টেডিয়াম ও অনুশীলন ভেন্যুর তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হবে। কিন্তু জার্মানিকে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতানো বেকেনবাওয়ার বিল্ড পত্রিকাকে বলেছেন, এর বিকল্পও হতে পারে। সেই বিকল্পটাই হচ্ছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আয়োজন। ‘মানুষ কিন্তু ব্যাপারটা অন্যভাবেও ভাবতে পারে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওখানকার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে। স্টেডিয়াম এবং সমর্থক এলাকার জন্য প্রযুক্তি ব্যবহার করে তাপমাত্রা কমানোর জন্য যে ব্যয় হবে, তার চেয়ে এটা একটা ভালো বিকল্প হতে পারে’—বলেছেন জার্মানির বিল্ড পত্রিকার নিয়মিত কলাম লেখক বেকেনবাওয়ার। এটাই যদি হয়, তাহলে ২০২২ সালের জন্য বিশ্ব ফুটবল ঐতিহ্য ভাঙবে। বিশ্বকাপ জুন-জুলাইয়ে হওয়ার অন্যতম কারণ, বিশ্বের সেরা লিগগুলো এর আগে শেষ হয় না। কিন্তু ২০২২ বিশ্বকাপ যদি জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়, তাহলে বিভিন্ন দেশের লিগগুলোর সূচিতেও আসবে পরিবর্তন। রয়টার্স।