ওঁদের অন্তর্জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি ইনিংসে একজন করে হিরো হচ্ছে। আমাদের হিরো দরকার দুই-তিনজন’—কাল রাতে হোটেল রুমে বসে টেলিফোনে সাকিব আল হাসান যখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথাটা বলছিলেন, তাঁর সামনে খোলা পত্রিকার পাতা...‘আপনার প্রশ্ন সাকিবের উত্তর’।প্রথম আলোর খেলাধুলাবিষয়ক সাপ্তাহিক ফিচার পাতা ‘স্টেডিয়ামের’ গতকালের সংখ্যায় পাঠকদের অনেক প্রশ্নের উত্তরই দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব। কিন্তু একটা প্রশ্নের উত্তর তাঁর নিজের কাছেও নেই—কেন কাল ও রকম বাজে একটা বলে চূড়ান্ত বাজে শট খেলে আউট হলেন? সাকিব বলছেন, ‘বাজে শট...এত বাজে শট জীবনে কোনো দিন কেউ খেলেছে কি না সন্দেহ...।’ তাহলে কেন খেললেন ওই শট? উত্তর নেই, জহির খানের অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাওয়ার বলটার মতোই বেরিয়ে যেতে চান সাকিব, ‘বলটা এত বাইরে ছিল...ছেড়ে দিলে ওয়াইডও হতে পারত।’ মোহাম্মদ আশরাফুল যে শট খেলে আউট হয়েছেন, ধারাভাষ্যকারদের মতে সেটা কেবল টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গেই যায়।ব্যাটসম্যানদের ব্যর্থতার আরেক উদাহরণ তামিম ইকবাল। উইকেটে ৮ বল ছিলেন, আটটা বলেই যেন টলটলায়মান ছিল তাঁর ব্যাটিং। শেষ পর্যন্ত জহির খানের বলে বোল্ড। দূর থেকে মনে হচ্ছিল, জহিরের ওই বলটা বুঝি খুব ভালো ছিল। প্রতিবাদ করলেন তামিমই, ‘মোটেও ভালো বল ছিল না। আমি ভুল খেলেছি। যে রকম বল ছিল, উচিত ছিল সোজা খেলা।’ তামিম অবশ্য প্রতিশ্রুতি দিচ্ছেন ও রকম আউট প্রতিদিন হবেন না, ‘এ রকম অনেক সময় হয়। তবে আজ (গতকাল) হয়েছে বলে প্রতিদিন হবে তা নয়। আর সব দিন তো আমি আত্মবিশ্বাসী থাকব না।’ব্যাটিং-ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহই একমাত্র উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ দলের। সেঞ্চুরি না পেলেও তাঁর অপরাজিত ৯৬ রানের ইনিংসেই শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৩৩। মাহমুদউল্লাহর সেই ব্যাট দিন শেষে ঢাল হলো সতীর্থ ব্যাটসম্যানদের। সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ শুরুর ব্যাটিং-ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘সবাই চেষ্টা করে ভালো খেলার। আজ (গতকাল) খারাপ হয়ে গেছে...বাজে শট খেলে ফেলেছে অনেকে। হয়তো বা প্রয়োগে সমস্যা ছিল।’ শট নির্বাচনের ভুল তো আছেই, মাহমুদউল্লাহ বলছেন, লাল বলে সুইং আর মুভমেন্ট বেশি থাকে। বাংলাদেশের ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়েছে ওটাতেই। ‘তবে তারা এ নিয়ে কাজ করছে। হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে টপ-অর্ডারে। আমি আশাবাদী এ সমস্যা কাটিয়ে উঠবে ব্যাটসম্যানরা। টপ-অর্ডার ভালো করলে স্কোরবোর্ডে সব সময়ই বড় একটা রান হতে পারে’—টপ-অর্ডার ব্যাটসম্যানদের পাশেই আবার দাঁড়াচ্ছেন কালকের বাংলাদেশের ব্যাটিং-হিরো।বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে শিক্ষামূলক সম্ভবত ৬৬ রানে ৪ উইকেট নেওয়া ইশান্ত শর্মার কথাটা। ‘আমরা ভালো বল করেছি’, ‘মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করেছে’, বলার পর ভারতীয় এই পেসার বললেন আসল কথাটা। যে কথা যুগ যুগ ধরে বলে আসছেন ক্রিকেটপণ্ডিতেরা। যে কথা শুনতে শুনতে প্রায় পচেই গেছে বাংলাদেশ ব্যাটসম্যানদের কান। কী সেই কথা? ইশান্ত বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ধৈর্য নিয়ে ব্যাটিং করতে হয়।’