ওঁদের অন্য রকম আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া এই খেলাগুলোতে পেশাদারি এখনো আসেনি। তাই ক্রিকেটার, ফুটবলারদের মতো কখনোই বড় অঙ্কের টাকা পাওয়ার আনন্দানুভূতি থাকে না দেশে কম প্রচলিত খেলাগুলোর খেলোয়াড়দের। শ্যুটার বা আর্চাররা তাই বড় কোনো আন্তর্জাতিক সাফল্যের পর প্রণোদনা হিসেবে যখন আর্থিক পুরস্কার হাতে পান, দেখে মনে হয় যেন ‘চাঁদ’ হাতে পেয়েছেন। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক মিলনায়তনে যখন কমনওয়েলথ গেমসের রুপাজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি পুরস্কারের ৫ লাখ টাকার চেকটা নিচ্ছিলেন, চোখে-মুখে খেলা করছিল অন্য রকম আনন্দ।
শুধু বাকিই নন, বিওএ কাল অর্থ পুরস্কার দিয়েছে আর্চার ইমদাদুল হক মিলন, তামিমুল ইসলাম, নন্দিনী খান স্বপ্না, তায়কোয়ান্দো খেলোয়াড় শ্রাবণী বিশ্বাসদের হাতে। ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন এঁরা সবাই। ইন্দোনেশিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসের রুপাজয়ী মিলন পেয়েছেন ২ লাখ টাকা, একই গেমসে তায়কোয়ান্দোতে ব্রোঞ্জজয়ী শ্রাবণী পান ১ লাখ টাকা। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটার বাকি ৫ লাখ, যুব কমনওয়েলথ গেমসে সোনাজয়ী আর্চার তামিমুল ৪ লাখ ও ব্রোঞ্জজয়ী নন্দিনী ১ লাখ টাকা পেয়েছেন। এ ছাড়া এশিয়ান গেমসে রুপাজয়ী মহিলা ক্রিকেট দলকে ১০ লাখ, ব্রোঞ্জজয়ী পুরুষ ক্রিকেট দল ও মহিলা কাবাডি দলকে ৫ লাখ করে টাকা দেওয়া হয়েছে। পুরস্কারের টাকা তুলে দেন বিওএ সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া।
আর দুই সপ্তাহ পরই শুরু এসএ গেমস। ভারতে খেলতে যাওয়ার আগে এই অর্থ পুরস্কারটা স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। উচ্ছ্বসিত বাকি বললেন, ‘এই প্রাইজমানিটা শুধু আমিই পেয়েছি। কিন্তু আমরা একটা দল হিসেবে এসএ গেমসে যাচ্ছি, যারা সেখানে অংশ নেবে এটা সবার জন্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
আর্চার ইমদাদুল হক মিলন চান এই পুরস্কারটা যেন নিয়মিত দেয় বিওএ, ‘এই পুরস্কার পাওয়ায় আমার কমিটমেন্ট বেড়ে গেল। পুরস্কারটা যদি নিয়মিত দেওয়া হয় তাহলে আমার মতো অন্যরাও ভালো করার স্বপ্ন দেখতে শুরু করবে।’