জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম পড়েছেন দ্বিধায়। গত বছর ফুটবলের সালতামামিতে কোনটাকে সামনে রাখবেন? ঘরোয়া ফুটবলের সাফল্য, নাকি আন্তর্জাতিক ফুটবলের দুঃস্মৃতি?
দ্বিতীয়টিই। সাফ ব্যর্থতার দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে ফেরায় এই মিডফিল্ডারকে। সবকিছু পেছনে ফেলে তাই নতুন বছরে আন্তর্জাতিক সাফল্য চান, ‘ঘরোয়া ফুটবলে আমার ক্যারিয়ারের সেরা একটা মৌসুম কাটিয়েছি গতবার। এবারও শুরুটা ভালোই হয়েছে। শেখ জামালের হয়ে মৌসুম শুরুর ফেডারেশন কাপ ঘরে তুলেছি। আশা করি, লিগসহ অন্যান্য শিরোপাও এবার আমরাই জিতব।’
সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা এখনো দগদগে ঘা হয়ে আছে। সেই ক্ষত মুছে দিক নতুন বছর, এটা ফুটবলের সবারই প্রত্যাশা। মামুনুলও সেই দলে ‘আমরা সাফে ভালো খেলতে পারিনি। শুধু এএফসি চ্যালেঞ্জ কাপেই ভালো করেছি। কিন্তু নতুন বছরে সব আন্তর্জাতিক ম্যাচই জিততে চাই।’ অবশ্য ২০১৪ সালে কতগুলো আন্তর্জাতিক ম্যাচ পাবে বাংলাদেশ, তা নিয়ে সবাই অন্ধকারে।
আন্তর্জাতিক ফুটবলের মতো হকিতেও ব্যর্থতার পাল্লা ছিল ভারী বিদায়ী বছরে। মাঠে ও মাঠের বাইরে বারবার নেতিবাচক শিরোনামে এসেছে হকি। সবকিছু মুছে ফেলে নতুন শুরুর প্রত্যাশায় জাতীয় হকি দলের অধিনায়ক মামুনুর রহমান (চয়ন), ‘নতুন বছরে আমার চাওয়া থাকবে হকির সব সমস্যা যেন মিটে যায়। জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের শাস্তি তুলে নিলে খুশি হব।’
আগামী মার্চে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব ঢাকায়। ওই আসরে চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ মামুনুরের, ‘এশিয়া কাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু করতে চাই। সেই সঙ্গে পুরোনো সব ব্যর্থতা মুছে ফেলে নতুন করে শুরু করা আমাদের লক্ষ্য। চাই সব দল লিগে অংশ নিক, জমজমাট লিগ হোক। সবাই একসঙ্গে বসে আলোচনার উদ্যোগ নিলে সেটি হবে নতুন বছরে হকির জন্য একটা উপহার।’
শ্যুটিংয়ে গত বছর কোনো সাফল্য আসেনি। নতুন বছরে তাই আবারও পুরোনো কথাই শোনা গেল এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী শারমিন আক্তারের (রত্না) কণ্ঠে, ‘খুবই হতাশ লাগে, যখন আমাদের ক্যাম্প করতে দেওয়া হয় না। শুনলাম ১০ জানুয়ারি ক্যাম্প শুরু হবে। নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে চাই। আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমার প্রথম লক্ষ্য।’
আত্মবিশ্বাস অবশ্য ভালোই আছে এখনো দেশসেরা অ্যাথলেট নাজমুন নাহারের (বিউটি)। নতুন বছর নিয়ে তাঁর প্রত্যাশা বেশ উঁচুতেই, ‘এখনো যেভাবে খেলছি, আরও অনেক দিন এভাবেই খেলে যেতে চাই। বিপিএডে যেন এ বছর প্রথম শ্রেণী পাই।’ গত বছর জাকিয়া সুলতানা ২০০ মিটারে তাঁকে হারিয়ে দিলেও সেই আসন ফেরত চান বিউটি, ‘ও আমাকে হারিয়ে দেওয়ার পর একটু কষ্টই পেয়েছিলাম। এবার চেষ্টা করব আবারও দ্রুততম মানবীর সঙ্গে ২০০ মিটার জিততে।’
একই সঙ্গে নতুনদের স্বাগত জানাতেও প্রস্তুত বিউটি, ‘নতুন কেউ উঠে এলে স্বাগত জানাব। কিন্তু সবকিছুর আগে বেশি বেশি প্রতিযোগিতা দরকার।’ একই আক্ষেপ সাঁতারু মাহফিজুর রহমানের (সাগর)। দীর্ঘদিন কোনো ক্যাম্প নেই। কোনো প্রতিযোগিতাও হচ্ছে না। তবে ফেডারেশনের আশায় বসে না থেকে নৌবাহিনীর পুলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গত বছর বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং টপকেছিলেন। ৫০ মিটার ফ্রি-স্টাইল শেষ করেছিলেন ২৪.৩৯ সেকেন্ডে। এবার নতুন বছরে এটাও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা তাঁর।
মহাকালের বটবৃক্ষ থেকে খসে পড়ল বছরের আরেকটি পাতা। খেলোয়াড়দের মুখে এমন প্রত্যাশার কথা প্রতিবছরই শোনা যায়। কিন্তু অনেক কিছুই থেকে যায় কল্পনার ফানুস হয়ে। কর্মকর্তারা কি খেলোয়াড়দের প্রত্যাশা পূরণ করবেন?