ওঁদের বিশ্বকাপ দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

হোটেল র‌্যডিসনের বলরুম। কালো কাপড়ে ঢাকা সোনালী ট্রফি। পাশেই দাঁড়ানো জাতীয় মহিলা দলের ফুটবলার মাইনু প্রু, সুইনু চিং, সুইনু প্রুরা। ফিফা থেকে আসা স্বেচ্ছাসেবক ভদ্রলোকের হাতে একটা ফুটবল। মহিলা ফুটবলারদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। এরপর ফুটবলটা ওদের হাতে দিতেই সরে গেল কালো পর্দা। আলোর ঝলকানিতে জ্বলে উঠল কাচ ঘেরা পাত্রে রাখা বিশ্বকাপ ট্রফি।
একটি বিশেষ বিমানে করে গতকাল দুপুরে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের নিখাদ সোনার তৈরি ট্রফিটি। নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে ভেন্যু বদল হয়ে বিশ্বকাপের প্রদর্শনী চলছে র্যাডিসন হোটেলে। সকাল থেকেই সেখানে দর্শকদের উপচে পড়া ভীড়। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নাগরিক জীবনে যেন এক টুকরো অক্সিজেন হয়েই এসেছে বিশ্বকাপের ট্রফি। হোটেলে ঢোকার পথেই চোখে পড়ল লম্বা লাইন। চারদিকে যেন উত্সবের আমেজ। কারো হাতে ক্যামেরা। কেউ বা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হোটেলে ঢোকার মুখে রাখা ডিজিটাল ব্যানারের কাগজের বিশ্বকাপের।
বলরুমে ঢুকতেই আরেক দফা লম্বা লাইন পেরুতে হলো। সেখানেও ধৈর্য্য ধরে অপেক্ষায় দর্শকেরা। স্বপ্নের বিশ্বকাপ চর্মচক্ষে দেখবে বলে কথা! ফিফার অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক কোকাকোলা নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখাতে পারছে না প্রদর্শনী। এজন্য অনেক আনুষ্ঠানিকতা কাটছাট করতে হয়েছে। তারপরও মানুষ খুব কাছ থেকে দেখতে পারছে এই বিশ্বকাপের ট্রফি। এতেই খুশি সবাই।

হরতাল-অবরোধও আটকে রাখতে পারেনি দর্শকদের। ব্রাজিলের জার্সি গায়ে বনানী থেকে এসেছেন জুবিন। এক ঝলক ট্রফি দেখার জন্য তর সইছিল না এই যুবকের। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হূদয়ে আর্জেন্টিনা। ম্যারাডোনা-মেসিদের ফুটবলের পাড় ভক্ত তৌহিদুল ইসলাম এসেছেন বাসাবো থেকে। ট্রফির সঙ্গে তোলা ছবি হাতে নিয়ে বলছিলেন, ‘বিশ্বকাপের ট্রফিটা থেকে কি সুন্দর সূর্যের মতো রশ্মি বেরোচ্ছে। কিন্তু আমাদের দেশটা রাজনীতির কারণে এখন অনুজ্জ্বল হয়ে পড়েছে।’ নিজের ছবিটা দেখিয়ে বললেন, ‘এটা রেখে দেব। এই ছবিটা আমার জীবনের সেরা সম্পদ।’ ফার্মগেট মনিপুরী পাড়া থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন নয়ন রোজারিও। স্ত্রী কণা দাস রোজারিওর কোলে চারমাসের ছেলে ঐক্য। অবরোধের কারণে তাঁরা যানবাহন পাচ্ছিলেন না হোটেলে আসার। তাদের টিকিটে লেখা সময়টা পেরিয়ে যাওয়ায় ঢুকতে দিচ্ছিলেন না স্বেচ্ছাসেবী কর্মীরা। অনেক অনুনয়-বিনয় করে শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি দেখার অনুমতি মেলে। কণা দাসের সেকি উচ্ছ্বাস, ‘আমরা সবাই মিলে বিশ্বকাপ দেখলাম। ছবি তুললাম। খুবই ভালো লাগছে আমাদের।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র দিদারুল আলম এসেছেন বসুন্ধরা থেকে। মুখে আঁকা আর্জেন্টিনার পতাকা। হাতে ধরা বিশ্বকাপের ট্রফির সঙ্গে সদ্য প্রিন্ট দেওয়া নিজের ছবি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রদর্শনী হবে ট্রফি, এটাই তিনি জানতেন। পরে টেলিভিশনের সংবাদে শুনেছেন র্যাডিসন হোটেলে হচ্ছে প্রদর্শনী। কিন্তু হোটেলে এমন প্রদর্শনীতে মোটেও খুশি নন এই যুবক, ‘ফুটবল খেলা আর বিশ্বকাপের ট্রফি মাঠেই মানায়। পাশেই আর্মি স্টেডিয়াম ছিল। সেখানে এই ট্রফি রাখলেও অনেক ভালো হতো।’ সৌদি প্রবাসী মহিবউদ্দিন নিজেকে ভাগ্যবানই ভাবছেন, ‘আমি চারমাস আগে দেশে এসেছি। যখনই শুনেছি ঢাকায় বিশ্বকাপের ট্রফি আসছে টিকিট পেতে মরিয়া হয়ে উঠি। অবশেষে নিজের চোখে বিশ্বকাপের ট্রফি দেখলাম। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ মিরপুর সরকারি বাংলা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহজাবিন হাসান কেয়া এসেছে বাবার হাত ধরে। মিরপুর থেকে আসতে কোনো সমস্যা হয়নি তার। বিশ্বকাপ দর্শনের অভিজ্ঞতায় খুবই রোমাঞ্চিত কেয়া, ‘বিশ্বকাপ দেখব বলে রাতে ঘুমাতে পারছিলাম না। কখন ভোর হবে এজন্য অপেক্ষাতে ছিলাম। বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি।’ বাবা মেহেদি হাসান বললেন, ‘ট্রফিটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রদর্শনী করলে অনেক ভালো হতো। আরও অনেক দর্শক আনন্দ করে দেখতে পারতো এটা। শুনেছি এখানে আরও অনেক আনুষ্ঠানিকতা ছিল, সেসবের কিছুই দেখলাম না। যাক, শেষ পর্যন্ত ট্রফিটা দেখতে পেয়েছি এটাই বা কম কি!’

বিশ্বকাপের ট্রফি আগামীকাল দুপুর পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে দর্শকদের জন্য। বিশ্বকাপের বিশ্বভ্রমণ শুরু হয়েছিল ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে।২৬৭ দিন বিশ্বের ৮৯টি দেশে ঘুরবে এটি।ভ্রমণের মাঝপথে বিশ্বকাপ তিন দিনের আতিথেয়তা নিল বাংলাদেশে।এরপর বিশ্বকাপ যাবে ভুটানে।