ওঁদের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের কাঁটাতার পেরিয়ে ‘বীর-জারা’। শিরোনামটি ভারতীয় এক বাংলা দৈনিকের। শোয়েব মালিক আগামী এপ্রিলে সানিয়া মির্জার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন—এ সংবাদটি বলিউডের সেই আলোচিত ছবির গল্পের মতোই শোনাচ্ছে অনেকের কাছে। দুই দেশের টানাপোড়েন, রাজনৈতিক অবিশ্বাসের আঁচে ক্রীড়া-সম্পর্কও পুড়ে ছারখার হওয়া—সব মিলিয়ে দুই দেশের দুই ক্রীড়াভুবনের তারকার হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধনের খবর ছবির গল্পের মতো বৈকি।পরশু পর্যন্ত সানিয়া-মালিকের বিয়ের খবরটার আগে ‘নাকি’ নামের একটা অনিশ্চয়তা ছিল। কারণ এর আগেও শোয়েবের সঙ্গে সানিয়ারই শহর হায়দরাবাদের আয়েশা সিদ্দিকির বিয়ের গুজব উঠেছিল। পাকিস্তানের তখনকার অধিনায়ক টেলিফোনের মাধ্যমে বিয়েও করেছিলেন বলে শোনা গিয়েছিল। আয়েশার সঙ্গে মালিকের পরিচয় ইন্টারনেটে। কিন্তু ইন্টারনেটে আয়েশা যে মেয়ের ছবি ব্যবহার করেছিলেন, পরে দেখা যায় বাস্তবে মোটেও সেটি তাঁর নিজের ছবি নয়। এ কারণেই মালিক পিছিয়ে আসেন।মজার ব্যাপার হলো, এত দিন বাদে জানা যাচ্ছে, আয়েশা নাকি নিজের বলে দিয়েছিলেন সানিয়ার ছবিই। সাত-আট বছর আগে সানিয়া তখনো টেনিস বিশ্বে তারকাখ্যাতি পেয়ে ওঠেননি। এত দিন পর মালিক যখন জানতে পেরেছেন, ছবিতে দেখা ওই মেয়েটিই ভারতের টেনিস তারকা সানিয়া, তখন তাঁর কাছেই হৃদয়ের দাবি নিয়ে হাজির হওয়া।বাল্যবন্ধু সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়ে যাওয়ার পরও বিয়ের আগেই ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের। হৃদয়ে যখন খাঁ খাঁ শূন্যতা, ঠিক সেই সময় মালিকের কাছ থেকে প্রস্তাব। না করতে পারেননি সানিয়া। গত এক বছরে দুজনের জীবনেই নানা উত্থান-পতনের টালমাটাল সময় গেছে। আর তাই দ্রুত কাছাকাছি চলে আসতে সময় লাগেনি। এমনও শোনা যাচ্ছে, মালিকের প্রতি সানিয়ার টানের কারণেই নাকি সোহরাবের সঙ্গে বিয়ে ভেঙে যায়।আগামী মাসেই বিয়ে হচ্ছে এটা দুই পরিবারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মালিক নিজেই জানিয়েছেন, ‘আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। সানিয়াকে আমার বিয়ে করার খবরটা সত্যি। ইনশাআল্লাহ্, আমরা এপ্রিলেই বিয়ে করব।’ তবে ভারত বা পাকিস্তানে নয়, এই দুজন সংসার পাতবেন দুবাইয়ে। এমনটাই জানিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। সানিয়ার অনেক দিনের ইচ্ছা দুবাইয়ে একটা টেনিস একাডেমি করার। ইমরান জানিয়েছেন, ‘এটা হবে বিরল একটি ঘটনা, যেখানে স্বামী-স্ত্রী দুজন ভিন্ন ভিন্ন দুটি দেশই শুধু নয়, ভিন্ন ভিন্ন দুটি খেলাতেও প্রতিনিধিত্ব করবে।’ সানিয়ার মা নাসিমা মির্জা বলেছেন, ‘বিয়ে একটা স্বর্গীয় ব্যাপার। অভিভাবক হিসেবে আমরা ওর পছন্দের জন্য গর্বিত।’সম্প্রতি হায়দরাবাদে দুই পরিবার একসঙ্গে বসেছিলেন। সেখানেই মালিকের পরিবারের পক্ষ থেকে পাকা দেখা হয়ে যায়। এর পরই ঠিক করা হয় বিয়ের দিনক্ষণ। এপ্রিলের ১৬ অথবা ১৭ তারিখের যেকোনো এক দিন ‘কবুল’ করবেন দুজনে। মালিকের ভগ্নিপতি ইমরান জাফর মালিক পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘ওদের বিয়ে শিগগিরই হবে। হয়তো আগামী মাসেই। আমি নিশ্চিত, দুজনে সুন্দর একটা জীবনের দিকেই এগোচ্ছে। ছয় মাস ধরে মূলত ফোনেই ওরা কথা বলছে। দুই পরিবারের মধ্যে সম্পর্কও এখন ঘনিষ্ঠ।’এমন এক সময় দুজনের বিয়ের খবরটা চাউর হলো, যখন দুজনই ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। মালিক এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কবজির চোটটাও খুবই ভোগাচ্ছে সানিয়াকে। তবে মালিক জানিয়েছেন, বিয়ের পর খেলা চালিয়ে যেতে সানিয়াকে সব ধরনের সহযোগিতাই করবেন তিনি, ‘আমি জানি, আন্তর্জাতিক একজন ক্রীড়াতারকা হতে গেলে কী ত্যাগ স্বীকার করতে হয়। আমি ওকে পুরোপুরি সমর্থন দিয়ে যাব। ও যত দিন খুশি খেলবে।’ ২০১২ অলিম্পিকে সানিয়া সোনা জিতলে ‘বিশ্বের সবচেয়ে গর্বিত স্বামী’ হবেন বলেও আগাম প্রতিক্রিয়া জানিয়ে রেখেছেন মালিক। এএফপি।