ওঁদের ভুলিয়ে দিয়েছেন ধাওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার আগে থেকেই নেই। ওয়ানডে ছেড়ে দিয়েছেন ‘ওয়ানডের রাজা’। চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলে নেই বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরও। অথচ টপ-অর্ডারে বিখ্যাত এই ত্রয়ীর অনুপস্থিতি যেন কেউ টেরই পাচ্ছে না। টের পেতে দিচ্ছেন না শিখর ধাওয়ান নামের অকুতোভয় এক তরুণ। ভারতের দুই ম্যাচেই সেঞ্চুরি করে ধাওয়ান একাই যেন ভুলিয়ে দিয়েছেন ওই তিনজনকে!চ্যাম্পিয়নস ট্রফিতে দুটি সেঞ্চুরির আগে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি। ভারতের পক্ষে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করে ফেললেন দিল্লির ২৭ বছরের তরুণ। প্রথম দল হিসেবে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বড় ভূমিকাও তাঁর। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ চার ও ১ ছক্কায় মাত্র ৯৪ বলে ১১৪। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে অপরাজিত ১০২। ধাওয়ান সেঞ্চুরিটাও ছুঁয়েছেন রাজকীয়ভাবে, ডোয়াইন ব্রাভোকে ছক্কা মেরে। মোহালিতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরিটাও ছিল এমন চোখ ধাঁধানো—১৭৪ বলে ১৮৭। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া প্রথম অধিনায়ক কপিল দেব তো রীতিমতো ভক্ত বনে গেছেন ধাওয়ানের, ‘এ ছেলেটা অসাধারণ এক ব্যাটসম্যান। আমি নিশ্চিত সে এখানে (আন্তর্জাতিক ক্রিকেটে) থাকতেই এসেছে।’ সবচেয়ে বড় প্রশংসাটা এরপরই করলেন কপিল, ‘ইংল্যান্ডে এখন আর কেউ অতীত নিয়ে কথা বলছে না। এখন পর্যন্ত কেউ শচীন, শেবাগ কিংবা গম্ভীরের কথা জানতে চায়নি। সবাই শুধু শিখর ধাওয়ান ও তার ব্যাটিং নিয়ে কথা বলছে।’ ধাওয়ানের মধ্যে ভারতীয় ক্রিকেটের জন্য নতুন দিনের বার্তারও সন্ধান পাচ্ছেন কপিল, ‘এটা ভারতীয় ক্রিকেটের জন্য শুভ লক্ষণ। অনেক তরুণ খেলোয়াড় ইতিমধ্যে সিনিয়রদের জায়গা দখল করে নিয়েছে। পরিবর্তনটা মসৃণ গতিতেই হচ্ছে।’শুধু কপিলই নয়, ধাওয়ানে মুগ্ধ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। আইপিএলের কল্যাণে খুব কাছ থেকেই দেখেছেন ধাওয়ানকে। দিল্লি ডেয়ারডেভিলসের সাবেক সতীর্থের সাফল্যে তাই খুব একটা অবাক হননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, ‘সফল হওয়ার সব উপাদানই ওর মধ্যে আছে। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে ও আরও ভালো করবে। ও খুব ভালো খেলোয়াড়।’কতটা ভালো, তার প্রমাণ ২০০৪ সালেই পেয়েছিল বাংলাদেশের দর্শকেরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরিসহ ৫০৫ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু তার পরও দুই দিল্লি সতীর্থ শেবাগ-গম্ভীরের ছায়ায় ঢাকা পড়েছিলেন, সেটা প্রথম শ্রেণীর ক্রিকেটেও। নয় বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে কাটানোর পর গত মার্চেই ভাগ্য মুখ তুলে তাকায় ধাওয়ানের দিকে। টেস্ট দলে সুযোগ পেয়েই সেঞ্চুরি। সেটাও আবার ৮৫ বলে, টেস্ট অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাটাই তাঁকে পরিণত করেছে বলে মনে করেন ধাওয়ান, ‘আমি এত বছর ঘরোয়া ক্রিকেটে কাটিয়েছি যে টেস্ট অভিষেকের সময় ভালো করার আত্মবিশ্বাস ছিল। এ ছাড়া শেবাগের অনুপ্রেরণাও কাজে লেগেছে, সে আমাকে নিজের খেলাটা খেলতে বলেছে।’সেটিই খেলে শেবাগের দলে ফেরাটাকেও কঠিন করে দিয়েছেন শিখর ধাওয়ান! এএফপি।