ওঁদের স্বপ্নে লায়লা আলী
রাজশাহীর সুমি, কোহিনুর, রুবিদের কেউই মেরি কমের নাম শোনেননি। কিশোরগঞ্জের মেয়ে তানিয়া সুলতানা শুনেছেন৷ তবে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সারের খেলা কখনো দেখেননি। একটা জায়গায় তাঁদের সবার মধ্যে অবশ্য মিল—সবাই চেনেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।
পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আজ শুরু ওয়ালটন ২৭তম জাতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা। মেয়েদের প্রথম জাতীয় প্রতিযোগিতা হয়েছিল বছর পাঁচেক আগে৷ মাঝখানে নানা কারণে এিট বন্ধ হয়ে যায়৷
প্রথমবারের মতো তাতে অংশ নিতে তর সইছে না ‘হবু’ বক্সারদের৷ অনেকেই ভুগছেন স্নায়ুচাপে। ইভ টিজিং এড়াতে আগেই মার্শাল আর্ট শেখা স্নাতকপড়ুয়া তানিয়ার স্নায়ুচাপ একটু বেশিই৷ কিশোরগঞ্জের নারী উদ্যোগ কেন্দ্রের সহযোগিতায় তিনি ঢাকায় খেলতে এসেছেন বাবাকে না বলেই৷ বাবা যদি আসতে না দেন! কাল সেটা মনে করিয়ে বলছিলেন, ‘বাবা এখনো জানেন না আমি বক্সিং খেলি।’
বাংলাদেশে এমন অনেক তানিয়ার স্বপ্ন থমকে যায় পরিবার ও সামাজিক বাধায়৷ তবু তানিয়াদের দেখে আশার বীজ বোনেন নিভৃতে কাজ করা কোচরা৷ তাঁদেরই একজন রাজশাহীর কোচ সাইফুল ইসলাম বললেন, ‘ওরা অনেক সম্ভাবনাময়। ফেডারেশন নিয়মিত মেয়েদের খেলার সুযোগ করে িদলে এরা ভালোই করবে।’