ডেভিড ভিয়া আর ওয়েসলি স্নাইডারের নামই উচ্চারিত হচ্ছিল বেশি। শেষ পর্যন্ত গোল্ডেন বুট কিন্তু জিতেছেন টমাস মুলার। ভিয়া-স্নাইডারই শুধু নন, টুর্নামেন্টে ৫টি গোল করেছেন ডিয়েগো ফোরলানও। সমানসংখ্যক গোল করেও জার্মান এই স্ট্রাইকার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি জিতলেন আসলে ৫ গোলের পাশাপাশি তিনটি গোল করানোর কারণে। একই আসরে একাধিক খেলোয়াড়ের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঘটনা বিশ্বকাপে এর আগে ঘটেছে মাত্র দুবার। ১৯৬২ চিলি বিশ্বকাপে যেমন ছয়-ছয়জন খেলোয়াড় ছিলেন সেই তালিকায়! ব্রাজিলের গারিঞ্চা আর ভাভা, চিলির লিওনেল সানচেজ, যুগোস্লাভিয়ার দ্রাজান জার্কোভিচ, রাশিয়ার ভ্যালেন্টিন ইভানভ আর হাঙ্গেরির ফ্লোরিয়ান অ্যালবার্ট। প্রত্যেকে করেছিলেন চারটি করে গোল। ১৯৯৪ বিশ্বকাপে ছিলেন দুজন। বুলগেরিয়ার রিস্টো স্টয়চকভ এবং রাশিয়ার ওলেগ সালেঙ্কো। দুজনে গোল করেছিলেন ছয়টি করে। এর আগে গোল্ডেন বুট কিন্তু তাঁরা প্রত্যেকেই ভাগাভাগি করে নিয়েছিলেন। কিন্তু নতুন নিয়মের কারণে সর্বোচ্চ গোলদাতা হয়েও এবার কপাল পুড়েছে বাকি তিন খেলোয়াড়ের।