ওঁরা যখন দর্শক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফিটা নিয়ে আবাহনীর উদ্যাপনে ছিল এনামুল হকও। কিন্তু এই স্ট্রাইকার সেই উল্লাসেও কেমন যেন একটু নিরাবেগ থাকলেন। একটু কি অনাহূত মনে করছিলেন নিজেকে? পুরো লিগটাই আবাহনীর সাইড লাইনে বসে কাটাতে হয়েছে তাঁকে। গত মৌসুমে শেখ জামালের হয়ে দু-একটা ম্যাচ যা-ও খেলেছিলেন, এবার ইনজুরি মোটেই সুযোগ দেয়নি। এনামুলকে দর্শক বানিয়ে দিয়েছিল মূলত চোট, তারপর কোচের উপেক্ষা। আবাহনী চ্যাম্পিয়ন হলেও তাই হতাশা লুকাতে পারেননি এনামুল, ‘বেশি আনন্দ পেতাম যদি এই চ্যাম্পিয়নশিপে আমার অবদান থাকত।’ হাঁটুতে চোট পেয়ে গত মৌসুমের শুরু থেকেই মাঠের বাইরে এনামুল। এরপর চোট সারিয়ে শেষ ১০-১৫ দিন দলের সঙ্গে কঠোর অনুশীলন করলেও কোচ আলী আকবর পোরমুসলিমি তাঁকে খেলানোর ঝুঁকি নেননি। এনামুল একাই নন, পুরো মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি এমন খেলোয়াড়ের তালিকাটা বেশ লম্বা—মুক্তিযোদ্ধার ডিফেন্ডার ওবায়দুর, মোহামেডানের রাইটব্যাক তপু বর্মণ, বিজেএমসির স্ট্রাইকার শাহীন, শেখ রাসেলের গোলরক্ষক তোয়ান, শেখ জামালের মিডফিল্ডার সাইফুল্লাহ, ব্রাদার্সের স্টপার সোহেল ও গোলরক্ষক শাহীন, ফেনী সকারের স্ট্রাইকার আশরাফ, ডিফেন্ডার দিনার ও আরামবাগের ডিফেন্ডার শাহীন। এই ১১ জনের মধ্যে নিজেকে সবচেয়ে বেশি দুর্ভাগা ভাবতে পারেন মুক্তিযোদ্ধার ওবায়দুর। গত মৌসুমে আবাহনীর হয়ে দু-একটা ম্যাচে খেলেছিলেন, এবার মুক্তিযোদ্ধার হয়ে মাঠেই নামতে পারেননি। হতাশা তাঁকে এমনই পেয়ে বসেছিল যে ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন ঝিনাইদহের তরুণ! লিগ শেষে তাঁর কণ্ঠেও ঝরল হতাশা, ‘প্রতিদিনই কঠোর অনুশীলন করতাম। ভাবতাম, আজ মনে হয় সুযোগ পাব। কিন্তু লিগই শেষ হয়ে গেল, কোনো ম্যাচ খেলার সুযোগ মিলল না। হতাশ হয়ে মাঝে শেয়ার ব্যবসায় নামতে চেয়েছিলাম।’ এখন অবশ্য মত পাল্টেছেন ওবায়দুর। জানালেন, ‘বিজেএমসির সঙ্গে কথাবার্তা চলছে, আশা করি, আগামী মৌসুমে মাঠে নামতে পারব।’ অনূর্ধ্ব-১৯ দলের তপু বর্মণ ফেডারেশন কাপের প্রথম ম্যাচে পায়ে ব্যথা পান। পরে তাঁকে যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে। আপাতত তিনি সুস্থ। মোহামেডান তাঁকে আগামী মৌসুমে রেখে দেওয়ার চিন্তাভাবনা করছে। বিজেএমসির স্ট্রাইকার শাহীন মধ্যবর্তী দলবদলে এসেছিলেন ওয়ারী থেকে। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর থেকে সুযোগ মিললেও খেলতে না পেরে তিনি হতাশ, ‘কী করব? ইনজুরির ওপর তো কারও হাত নেই।’ সবচেয়ে বেশি দুর্ভাগা বলতে হয় শেখ রাসেলের গোলরক্ষক তোয়ানকে। কোনো চোট বা অসুস্থতা ছিল না, কিন্তু একাদশেই জায়গা পাননি। গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিকল্প বেছে নেওয়ার সুযোগই ছিল না কোচ মারুফুল হকের! পুরো মৌসুমে এভাবে খেলোয়াড়দের বসিয়ে রাখার অনেক ক্ষতিকর দিক দেখছেন মারুফুল, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে খেলোয়াড়দের শরীর ও মনের ওপর এর প্রভাব পড়ে। এদের ফিটনেস লেভেল কমে যায়। স্কিল, পারফরম্যান্স, টেকনিক—সবকিছু ভোঁতা হয়ে যায়। আত্মবিশ্বাসেও ভাটা পড়ে।’ আত্মবিশ্বাস অনেকটাই কমে গেছে শেখ রাসেলের গোলরক্ষক তোয়ানের। গত মৌসুমে ফেনী সকারের হয়ে ১৯ ম্যাচে গোলদুর্গ আগলানো তোয়ানের কথা, ‘এই যন্ত্রণা আমি কাউকে বলে বোঝাতে পারব না। এখন শুধু সুযোগের অপেক্ষায় আছি নিজেকে প্রমাণের।’ তোয়ানদের মতো সাইড লাইনের ফুটবলারদের কাছে আগামী মৌসুম কি হবে নিজেদের প্রমাণের মঞ্চ?